পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকাগুলোয় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হচ্ছে পাকিস্তান সরকার। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপজাতীয় এলাকায় তালেবান ও সেনাবাহিনী উভয়ই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এতে বলা হয়, ওই সব এলাকায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটলেও সেসবের বিচার হচ্ছে না। এ ছাড়া সাংবিধানিক রক্ষাকবচগুলোর প্রয়োগও হয় না সেখানে। কিছু উপজাতীয় এলাকা থেকে জঙ্গিদের বিতাড়ন করা হলেও ওই এলাকাগুলো এখনো সুরক্ষিত নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা পলি ট্রুসকোট বলেন, এক দশকের সংঘাতময় পরিস্থিতির পরও উপজাতীয় এলাকাগুলো সুরক্ষিত করা হয়নি। সেখানে চলছে হামলা, অপহরণ ও ভীতি প্রদর্শন।‘দ্য হ্যান্ডস অব ক্রুয়েল্টি’ (নিষ্ঠুরতার হাত) শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, উপজাতীয় এলাকায় আইনের শাসন না থাকায় সেখানে মানবাধিকারের সংকট তৈরি হচ্ছে। বিভিন্ন বয়সী পুরুষ লোককে নির্বিচারে আটক করা হচ্ছে। সে তুলনায় তাঁদের তেমন কোনো সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না। এ ছাড়া আটক অবস্থায় মৃত্যুর ঘটনাও অনেক। প্রতিবেদনে বলা হয়, আটক অনেকেই তাঁদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। কিন্তু সে অভিযোগের কোনো তদন্ত হয়নি বললেই চলে। বিবিসি।