মানবাধিকার সংস্থার সঙ্গে আলোচনায় যাচ্ছেন স্নোডেন
বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থী মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন মানবাধিকার সংস্থার সঙ্গে সাক্ষাত্ করতে পারেন। আজ শুক্রবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, আজ মস্কোর শেরেমেয়িতেভো বিমানবন্দরে যেকোনো সময় স্নোডেন মানবাধিকার সংস্থার সঙ্গে আলোচনা করতে পারেন। গত ২৩ জুন স্নোডেন হংকং ছেড়ে রাশিয়া যান। তখন থেকে তিনি মস্কোর শেরেমেয়িতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি যে মানবাধিকার সংস্থার সঙ্গে আজ বিকেলের মধ্যে একটি আলোচনা হতে পারে।’
বিমানবন্দরে স্নোডেনের সঙ্গে আলোচনার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি ই-মেইল পেয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থা দুটি। ইন্টারফ্যাক্সের এক খবরে জানানো হয়, এ দুটি সংস্থা ছাড়াও হিউম্যান রাইটস ওয়াচসহ আরও কয়েকটি সংস্থাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাশিয়ার প্রধান সের্গেই নিকিতিন বলেন, ‘আমি একটি ই-মেইল পেয়েছি। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে স্নোডেনের দেখা করার বিষয়ে সেখানে বলা আছে। এ ছাড়া আর কোনো তথ্য সেখানে নেই। আমি সেখানে যাওয়ার পরিকল্পনা করেছি।’
এডওয়ার্ড স্নোডেন লাখ লাখ সাধারণ মানুষের ফোনকল ও অনলাইন তত্পরতায় মার্কিন প্রশাসনের নজরদারির কথা ফাঁস করে গত ২০ মে যুক্তরাষ্ট্র থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং চলে যান। এরপর গত ২৩ জুন তিনি হংকং ছেড়ে রাশিয়া যান। তখন থেকে স্নোডেন মস্কোর শেরেমেয়িতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন।