জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বিশ্বের সর্বত্র আজ মানবাধিকার ভূলুণ্ঠিত। গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সর্বত্রই মানবাধিকার আজ ‘হুমকির মুখে’। খবর এএফপির।
বান কি মুন বলেন, ব্যারেল বোমাও ফেলা হচ্ছে, শিরশ্ছেদও করা হচ্ছে। অনাহারে মানুষ মরছে, আবার হাসপাতাল, জাতিসংঘের আশ্রয়শিবির থেকে শুরু করে ত্রাণবাহী গাড়িবহরে হামলা চালিয়েও মানুষ মারা হচ্ছে।
বান কি মুন সিরিয়া ও ইরাকে জিহাদপন্থীদের পরিচালিত ‘বর্বরতার তীব্রতা’র কথা উল্লেখ করে বলেন, এই নিষ্ঠুরতা পৃথিবীতে সংকটের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে। যেমন: গাজায় যুদ্ধ; ইউক্রেন, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে লড়াই। চলতি বছরকে বীভৎস আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ বছর আশার আলো স্তিমিত হয়ে আসছে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথমবার পৃথিবীজুড়ে উদ্বাস্তু ও আশ্রয়প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর এই বিপুলসংখ্যক মানুষের খাদ্যের চাহিদা মেটাতে গলদঘর্ম হচ্ছে জাতিসংঘ।
ইউক্রেন, লিবিয়াসহ আরব বিশ্বের অন্যান্য স্থানে চলমান অস্থিরতার দিকে ইঙ্গিত করে বান কি মুন বলেন, এসব স্থানের অস্থিরতা বিশ্বশান্তি রক্ষায় বড় বাধা। স্নায়ুযুদ্ধের ভূত আমাদের এই সময়েও ফিরে ফিরে আসছে।