মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ছাড়া দেশের প্রকৃত গণতান্ত্রিক প্রতিষ্ঠান টিকতে পারে না। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। একই দিন সু চির সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন কূটনীতিক সাক্ষাৎ করেছেন। গত মাসে গৃহবন্দীত্ব থেকে মুক্তি পাওয়ার পর তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তার এটাই প্রথম সাক্ষাৎ।ভিডিও বার্তায় সু চি বলেন, ‘মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। স্বাধীনতা ও নিরাপত্তা ছাড়া আমাদের জীবন অর্থপূর্ণ হতে পারে না।’ তিনি বলেন, ‘আমি মনে করি, মিয়ানমারে যাঁরা গণতন্ত্রের পক্ষে কাজ করছেন, তাঁরাই মানবাধিকার সমুন্নত রাখার প্রকৃত রক্ষক। মানবাধিকার ছাড়া প্রকৃত গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকতে পারে না।’মিয়ানমারের এই নেত্রী মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণের ব্যাপারে সতর্ক করে বলেন, এটি হচ্ছে বৈষম্যমূলক আচরণের আরও সূক্ষ্ম ধরন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী মন্ত্রী জোসেফ ইয়ুন গতকাল ইয়াঙ্গুনে সু চির বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকেরা ইয়ুনের কাছে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।ইয়ুন গত মঙ্গলবার মিয়ানমারে পৌঁছেন। এরই মধ্যে তিনি সে দেশের সরকারি শীর্ষস্থানীয় কর্মকর্তা ও গত নির্বাচনে অংশ নেওয়া ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।ইয়ুনের সফরের আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মিয়ানমার সফরের সময় সে দেশের সব রাজনৈতিক বন্দীর মুক্তি ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের উদ্যোগ নিতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানাবেন ইয়ুন।মিয়ানমারে গত ৭ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, জান্তা ক্ষমতা পাকাপোক্ত করতে এই পাতানো নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতিরও অভিযোগ রয়েছে। নির্বাচন পক্ষপাতদুষ্ট হয়েছে বলে ব্যাপক সমালোচনা করে আসছে পশ্চিমা বিশ্ব। নির্বাচনের কয়েক দিন পর গত ১৩ নভেম্বর সু চিকে মুক্তি দেয় জান্তা। এএফপি।