মানবিক খাতে সাহায্য কমাচ্ছে যুক্তরাজ্য
দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর নারীস্বাস্থ্য, শিশুমৃত্যুর হার, ম্যালেরিয়া প্রতিরোধের মতো মানবিক বিষয়গুলোতে বৈদেশিক সাহায্যের পরিমাণ কমাচ্ছে যুক্তরাজ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তৈরি সবুজ জলবায়ু তহবিলে (গ্রিন ক্লাইমেট ফান্ড) অনুদানের পরিমাণ বাড়ানোর ফলে মানবিক খাতে সাহায্যের পরিমাণ কমছে।
সমালোচনা উঠেছে, দরিদ্র ও উন্নয়নশীল দেশের মানুষের বাস্তব সমস্যাগুলোর চেয়ে সরকার নজরকাড়া (ট্রেন্ডি) বিষয়ের দিকে দৃষ্টি দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০১৫ সালের মধ্যে জলবায়ু তহবিলে ৭২০ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন। বৈদেশিক উন্নয়ন বাজেট থেকেই এ অর্থ ব্যয় হবে। ২০১৩-১৪ অর্থবছরে জলবায়ু খাতে যুক্তরাজ্যের ব্যয় ছিল ৩১০ মিলিয়ন পাউন্ড।
ডেইলি মেইলের এক খবরে জানানো হয়, জলবায়ু খাতে বরাদ্দ দেওয়ার কারণে গত বছর নারী স্বাস্থ্যসেবার ব্যয় ২২ কোটি ১০ লাখ থেকে কমে হয়েছে ১৮ কোটি ৩০ লাখ পাউন্ড। ম্যালেরিয়ার মতো মহামারি রোগ মোকাবিলায় সহায়তা কমানো হয় প্রায় ৫০ লাখ পাউন্ড। এতে জলবায়ু পরিবর্তনজনিত ভুক্তভোগীদের সেবা পাওয়ার হার দুই লাখ থেকে বেড়ে দুই লাখ ৯০ হাজার হয়েছে। কিন্তু নিরাপদ জন্মদানে সুবিধাভোগীর সংখ্যা প্রায় তিন লাখ কমে হয়েছে প্রায় সাত লাখ। একই সঙ্গে অন্যান্য স্বাস্থ্যসেবাভোগীর সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ থেকে কমে হয়েছে নয় লাখ। জলবায়ু তহবিলে বাড়তি প্রতিশ্রুতির কারণে আগামী বছর মানবিক খাতে সেবা আরও কমে যাবে।
ক্ষমতাসীন কনজারভেটিভ-দলীয় এমপি পিটার বোন সমালোচনা করে বলেন, মানুষ চায় শিশুর মৃত্যুরোধ কিংবা স্বাস্থ্যসেবার মতো বাস্তবিক ব্যাপারগুলোতে অর্থ ব্যয় হোক। জলবায়ু পরিবর্তনে নয়।
যুক্তরাজ্য প্রতিবছর বাজেটের শূন্য দশমিক ৭ শতাংশ অর্থ বৈদেশিক উন্নয়নসহায়তা খাতে ব্যয় করে। গত বছর এর পরিমাণ ছিল ১১ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড।
বার্লিন সম্মেলন থেকে সবুজ জলবায়ু তহবিলের জন্য চলতি বছরের মধ্যেই আট বিলিয়ন পাউন্ড (১০ বিলিয়ন ডলার) তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র তিন বিলিয়ন ডলার এবং জাপান ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মান ও ফ্রান্স দেবে এক বিলিয়ন ডলার করে। সব মিলিয়ে ১৩টি রাষ্ট্র থেকে মোট নয় বিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং এর প্রভাব মোকাবিলায় এ অর্থ খরচ করা হবে।