মানসিক চাপে পড়েন ড্রোনচালকেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান বা ইরাকে মোতায়েন করা প্রথাগত বোমারু ও অন্যান্য যুদ্ধবিমানের চালকদের মতোই বিষাদগ্রস্ততা, উদ্বেগ ও যুদ্ধ-পরবর্তী মানসিক চাপসহ বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভোগেন ড্রোনের চালকেরা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকেরা এ কথা জানিয়েছেন। তাঁরা এই প্রথম এ ধরনের গবেষণা চালালেন।ড্রোন বা চালকবিহীন বিমানগুলো পরিচালনা করা হয় ঘাঁটি থেকেই। এসব ঘাঁটির অবস্থান থাকে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। তাই ড্রোন চালাতে যদিও প্রথাগত বিমানগুলোর চালকের মতো যুদ্ধক্ষেত্রে শারীরিকভাবে উপস্থিত থাকতে হয় না, তার পরও তাঁদের একই ধরনের স্বাস্থ্যগত সমস্যা হয় বলে এই গবেষণায় নিশ্চিত করা হলো।গবেষণাটি পরিচালনা করেছে আর্মড ফোর্সেস হেলথ সার্ভেলিয়নস সেন্টার, যারা সামরিক বাহিনীর সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা বিশ্লেষণ করে থাকে। গবেষণাটিতে অন্তর্ভুক্ত করা হয় ৭০৯ জন ড্রোনচালক, পাঁচ হাজার ২৫৬ জন যুদ্ধবিমান ও বোমারু বিমানের চালককে। এঁরা ২০০৩ সালের অক্টোবর থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। গবেষণার জন্য তাঁদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। দেখা গেছে, উভয় ধরনের চালকেরাই বিষাদগ্রস্ততা, উদ্বেগ ও যুদ্ধ-পরবর্তী মানসিক চাপসহ বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভোগেন। তবে ড্রোনচালকদের এসব সমস্যার উৎসের কথা ব্যাখ্যা করা হয়নি গবেষণা প্রতিবেদনে।মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা ও স্বতন্ত্র বিশেষজ্ঞরা সম্ভাব্য বেশকিছু কারণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে, সরাসরি ভিডিও চিত্রে সহিংসতার দৃশ্য দেখা, নিঃসঙ্গ পরিবেশে বা টানা কর্মঘণ্টার আওতায় কাজ করা, পারিবারিক জীবনের অব্যাহত দাবি থেকে নিজেকে সরিয়ে রাখতে কৌশল অবলম্বন করা ও কর্মী (ক্রু) সংকটের কারণে ব্যাপক মানসিক চাপ পাওয়া ইত্যাদি।গবেষণা প্রতিবেদনটির সহলেখক জিন লিন অট্টো জানান, দূর নিয়ন্ত্রিত আকাশযানগুলো পরিচালনাকারী ব্যক্তিদের দিনের পর দিন একই স্থানে স্থির হয়ে বসে থাকতে হতে পারে। তাঁরা (যুদ্ধক্ষেত্রে) ব্যাপক হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করেন। প্রথাগত যুদ্ধবিমানের চালকদের এটা করতে হয় না। তিনি জানান, তিনি এই গবেষণা শুরু করেছিলেন এটা ভেবে যে চাকরিক্ষেত্রে বিশাল চাপের কারণে ড্রোনচালকদের মানসিক চাপের প্রকৃত মাত্রা অনেক বেশি হতে পারে।২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত মার্কিন ড্রোনচালকের সংখ্যা চারগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ ধরনের চালকের সংখ্যা প্রায় ১৩ হাজার। মার্কিন বিমান বাহিনী যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলোর জন্য যৌথভাবে যে সংখ্যক ব্যক্তিকে চালকের প্রশিক্ষণ দিচ্ছে তার চেয়ে বেশি জনকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। আর ২০১৫ সালের মধ্যে দেশটির বোমারু বিমানের চালকের চেয়ে ড্রোন চালকের সংখ্যা বেশি হবে। নিউইয়র্ক টাইমস।