মানসিক সমস্যায় ভুগছিলেন পাইলট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইলটের কক্ষে যাত্রীসাধারণের প্রবেশে রয়েছে নানা কড়াকড়ি। উড়োজাহাজের সার্বিক নিরাপত্তার জন্যই এ রকম ব্যবস্থা। কিন্তু পাইলট নিজেই যদি মানসিক অসুস্থতায় আক্রান্ত হন, তাহলে কী হবে? মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজ রহস্যের তদন্তকারীরা এবার সে রকম সম্ভাবনা যাচাই করে দেখছেন।
মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্যের কূল-কিনারা হয়নি। তদন্তকারীরা ছিনতাই, নাশকতা, সন্ত্রাসবাদ বা বিপর্যয়কর যান্ত্রিক ত্রুটির মতো আশঙ্কার দিকগুলো খতিয়ে দেখছেন। নিখোঁজ উড়োজাহাজের পাইলটরা যাত্রীদের রক্ষায় বীরোচিত চেষ্টা করেছিলেন, নাকি আত্মঘাতী উদ্যোগ নিয়েছিলেন, তা স্পষ্ট নয়। তবে তাঁরা মানসিকভাবে যথেষ্ট সুস্থ ছিলেন কি না, সেই প্রশ্নও উঠেছে।
বোয়িং ৭৩৭ উড়োজাহাজের একজন ক্যাপ্টেন ও উড়োজাহাজের নিরাপত্তা বিশেষজ্ঞ জন গ্যাজিনস্কি বলেন, পাইলট যদি অসুস্থ হয়ে পড়েন ও নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে শুরু করেন, তাহলে পরিস্থিতি আসলেই ভয়াবহ রূপ নিতে পারে। মানসিক বিপর্যয় থেকে পাইলটের মধ্যে কখনো কখনো আত্মহত্যার প্রবণতা দেখা দিতে পারে। আর তাহলে সেটি গোটা উড়োজাহাজ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিঃসন্দেহে বড় রকমের হুমকি। অতীতে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার নেপথ্যে পাইলটের মানসিক সুস্থতার ঘাটতি দায়ী ছিল বলে প্রমাণ মিলেছে। মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ অবশ্য বলছে, তাদের পাইলটরা কাজ শুরুর আগে যথাযথভাবে মানসিক দক্ষতার পরীক্ষায় অংশ নেন।
যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় এয়ারলাইনসের পাইলন ব্র্যাড টেট বলেন, একজন সফল পাইলটকে অসংখ্য তথ্য-উপাত্ত মাথায় রেখে কাজ করতে হয়। এ ক্ষেত্রে তাঁর মানসিক সুস্থতা বজায় রাখার বিষয়টি অত্যন্ত জরুরি। এপি।