মানুষ মারার চক্রান্ত করছে সিপিএম: মমতা
পশ্চিমবঙ্গের ডাঙরিয়ার প্রকল্পের পানি নিয়ে বাম দলগুলোকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর গত দুই দিন বিধানসভায় হট্টগোল হয়েছে। প্রকল্পের পানিতে বিষ ঢেলে বাম দলগুলো মানুষ হত্যার রাজনীতি করছে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় অভিযোগ করেছিলেন।গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখার্জি অভিযোগ তোলেন, গত বুধবার গভীর রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালীতে প্রচার করা হয়, ডাঙরিয়ার প্রকল্পের জলে বিষ রয়েছে। মানুষ যেন ওই জল না ছোঁয় বা না খায়। সিপিএম ওই জলে বিষ মিশিয়ে মানুষ খুন করার ষড়যন্ত্র করতে পারে। সুব্রত মুখার্জির ওই অভিযোগের পর বিধানসভায় বাম বিধায়কদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই প্রকল্প থেকে প্রতিদিন ১৫ লাখ মানুষের পানি সরবরাহ করা হয় বলে জানা গেছে।বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, সুব্রত মুখার্জি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। পুরোটাই ভিত্তিহীন। মুখ্যমন্ত্রীই এই বিষ-রাজনীতির উৎস এবং উদ্গাতা বলে তিনি অভিযোগ করেন।