
ইরাকের বেসামরিক মানুষের ওপর বর্বরতা এখনো আতঙ্কজনক পর্যায়ে। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত সেখানে হত্যার শিকার হয়েছে হাজার হাজার বেসামরিক লোক। এ ছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি জঙ্গিদের হাতে দাসত্ব বরণ করেছে সাড়ে তিন হাজার নারী ও শিশু।
জাতিসংঘের ইরাকের জন্য সহায়তা মিশন (ইউএনএএমআই) ও মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বাস্তুচ্যুত ব্যক্তিদের সাক্ষাৎকারের পাশাপাশি ভুক্তভোগী, প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তি ও ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সরাসরি সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার জেনেভা থেকে প্রকাশ করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ওই ২১ মাসে ইরাকে অন্তত ১৮ হাজার ৮০০ বেসামরিক লোক হত্যার শিকার হয়েছে। একই সময়ে ৩২ লাখ লোক অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরাকের বিশাল এলাকার নিয়ন্ত্রণে থাকা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বেসামরিক লোকদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, তাদের এই অপকর্ম মানবতাবিরোধী অপরাধ, এমনকি সম্ভবত গণহত্যার পর্যায়ে পড়ে। জঙ্গিদের বাইরে ইরাকের সরকারি বাহিনী, বিভিন্ন মিলিশিয়া ও কুর্দি বাহিনীও মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হোসাইন বলছেন, ইরাকি শরণার্থীরা কেন ইউরোপ বা অন্য কোনো অঞ্চলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে এই প্রতিবেদনে। স্বদেশে তারা যে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে, তা এই প্রতিবেদনে উঠে এসেছে।
এ প্রতিবেদনে যে বাস্তব চিত্র পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি, তা প্রতিবেদনেই স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, উল্লিখিত ২১ মাসে বেসামরিক লোকের প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ৮০০ বলা হলেও প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। বিশেষ করে আইএস-নিয়ন্ত্রিত প্রদেশ আনবারের প্রকৃত পরিস্থিতি হয়তো প্রতিবেদনে তুলে আনা সম্ভব হয়নি। প্রতিবেদন মোতাবেক, ওই নিহত মানুষের প্রায় অর্ধেকই ইরাকের বাগদাদ প্রদেশের বাসিন্দা। আর বেসামরিক লোকদের হত্যায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে হাতে তৈরি বোমা (আইইডি)।
রয়টার্সের খবরে বলা হয়, প্রতিবেদনটিতে জঙ্গিদের হাতে শিরশ্ছেদ, গুলি, বুলডোজারে পিষ্ট, জীবন্ত পুড়িয়ে ও ছাদ থেকে ছুড়ে ফেলে হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ বহু শিশু সেনা হত্যার তথ্য যেমন পেয়েছে, তেমনি সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণের উদ্দেশ্যে ৮০০ থেকে ৯০০ শিশুকে অপহরণের খবর যাচাই করে নিশ্চিত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আইএস তাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডগুলোতে যে নিষ্ঠুর শাসন চালু করেছে, তার অন্যতম নিদর্শন হলো নারী ও শিশুদের দাস হিসেবে আটকে রাখা। ইরাকের বিভিন্ন এলাকায় এই জঙ্গিরা আনুমানিক সাড়ে তিন হাজার নারী ও শিশুকে এভাবে আটকে রেখে দাস হিসেবে কাজ করতে বাধ্য করছে বলে ইউএনএএমআই এবং ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, এই নারী ও শিশুদের বেশির ভাগই ধর্মীয় সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হোসাইন বলেন, ইরাকের মানুষ কতটা ভয়ংকর বর্বরতার শিকার হচ্ছে, তার একটা খণ্ডচিত্র মাত্র এটা। এখানে যারা হত্যা ও পঙ্গুত্বের শিকার হয়েছে, কেবল তাদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসার মতো মৌলিক চাহিদার অভাবে যে অগণিত মানুষ মারা গেছে, তার পরিসংখ্যান এখানে নেই।