মানুষের গলায় প্রথম কৃত্রিম শ্বাসনালি স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনে শল্যচিকিৎসকদের একটি আন্তর্জাতিক দল ক্যানসারে আক্রান্ত একজন রোগীর গলায় সফলভাবে কৃত্রিম শ্বাসনালি প্রতিস্থাপন করেছে। বিশ্বে এটাই প্রথম কোনো মানুষের দেহে কৃত্রিম শ্বাসনালি স্থাপন বলে শল্যচিকিৎসকদের দাবি। লন্ডনের বিজ্ঞানীদের তৈরি কৃত্রিম শ্বাসনালির ওপর রোগীর স্টেমসেলের আবরণ দিয়ে তা প্রতিস্থাপন করা হয়।গত ৯ জুন সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির দেহে ওই শ্বাসনালি প্রতিস্থাপন করা হয়। আফ্রিকার ওই ব্যক্তি শ্বাসনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১২ ঘণ্টার সফল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন ইতালির চিকিৎসক পাওলো মাচ্চিয়ারিনি।মানুষের শ্বাসনালি প্রতিস্থাপনের নতুন এ প্রক্রিয়ায় কৃত্রিম শ্বাসনালির কাঠামোটি এমনভাবে তৈরি করা হয় যে সেটি রোগীর শ্বাসনালির কাঠামোর অনুরূপ। এতে এ প্রক্রিয়ায় কোনো দাতার প্রয়োজন হয় না এবং সংশ্লিষ্ট অঙ্গটি পরিত্যক্ত হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। শল্যচিকিৎসকেরা জোর দিয়ে বলেন, এ ধরনের শ্বাসনালি কয়েক দিনের মধ্যেই তৈরি করা যায়।পাওলো মাচ্চিয়ারিনি জানান, তাঁর ধারণা, এখন তিনি নয় মাসের কোরিয়ান এক শিশুর চিকিৎসায় নতুন এ প্রক্রিয়াটি প্রয়োগ করতে পারবেন। জন্মগতভাবেই ওই শিশুটির শ্বাসনালি ত্রুটিপূর্ণ।ইতিমধ্যে মাচ্চিয়ারিনির অধীনে আরও ১০ ব্যক্তির শ্বাসনালি প্রতিস্থাপন করা হয়েছে। তবে প্রতিটি অস্ত্রোপচারের জন্যই একজন করে দাতার প্রয়োজন হয়েছে। এর মধ্যে ২০০৮ সালে বিশ্বের প্রথম টিস্যুর তৈরি শ্বাসনালি প্রতিস্থাপনের অস্ত্রোপচারটিও রয়েছে। স্প্যানিশ নারী ক্লদিয়া কস্তিলোর গলায় টিস্যুর তৈরি ওই শ্বাসনালিটি প্রতিস্থাপন করা হয়। বিবিসি ও এএফপি।