মানুষের চাপে কেজরিওয়ালের 'জনতার দরবার' হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যের সাধারণ মানুষের দুর্দশার কথা শুনতে গতকাল শনিবার ‘জনতার দরবার’ বসিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ তুলে ধরতে দিল্লির সচিবালয়ে ঢল নেমেছিল মানুষের। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের মধ্যে কেজরিওয়ালকে সেখান থেকে সরে যেতে হয়।
মুখ্যমন্ত্রী জানান, তিনি জনতার দরবার থেকে সরে না গেলে সেখানে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটত।
দুই দিন আগে জনতার দরবারের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বলেছিলেন, মানুষের দুঃখ-কষ্ট ও অভিযোগের কথা শুনে তাৎকক্ষিণক ব্যবস্থা নিতে দরবারে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদের সব সদস্য।
গতকাল সকাল সাড়ে নয়টায় দরবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে খুব সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হতে থাকেন সচিবালয় ভবনের কাছে। পুলিশ-প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। সচিবালয় এলাকার চারপাশের পথে ব্যারিকেড দিয়ে প্রবেশপথে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এর পরও এত বিপুলসংখ্যক মানুষ সেখানে হাজির হন যে শেষ পর্যন্ত আর সবকিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পুলিশ জানায়, অন্তত ৫০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
পরিস্থিতি বেসামাল হয়ে পড়ার পর দরবার থেকে সরে যান মুখমন্ত্রী কেজরিওয়াল। পুলিশ তাঁকে তাঁর কার্যালয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর আবার বেরিয়ে এসে তিনি সচিবালয় ভবনের সীমানাপ্রাচীরের ওপর দাঁড়িয়ে জনতাকে ফিরে যেতে বলেন। জানান, পরে আবার সুষ্ঠুভাবে দরবারের আয়োজন করে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনা হবে।
পরে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, তিনি সেখান থেকে সরে না গেলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটতে পারত। পুরো আয়োজনে ঘাটতি ও বিশৃঙ্খলার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আয়োজনের ব্যবস্থাপনা আমাদের আরও উন্নত করতে হবে। আমি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তবে গতকাল আয়োজন ভেস্তে যাওয়ার আগে কয়েকজন তাঁদের অভিযোগ জানাতে পেরেছিলেন। দিল্লি পূর্বাংশের মান্দাওয়ালি এলাকার বাসিন্দা সুনিতা কাপুর মুখ্যমন্ত্রীকে জানান, তাঁর ফ্ল্যাটটি অবৈধভাবে অন্যরা দখলে নিয়েছে। পরে সুনিতা সাংবাদিকদের বলেন, ‘আমার সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ টাইমস অব ইন্ডিয়া।