
বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মানুষের ভাবনার বহিঃপ্রকাশের চিরায়ত মাধ্যম গ্রন্থ। মানুষের অমিতশক্তির দ্বারকে উন্মোচিত এবং বিকশিত করেছে গ্রন্থ। আর তাই গ্রন্থ সভ্যতারই বাহন।
আজ বুধবার কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবসে ‘সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা’ শীর্ষক এক আলোচনাসভায় আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
কলকাতার আন্তর্জাতিক বইমেলায় প্রতিবছরই একটি দিন পালিত হয় বাংলাদেশ দিবস হিসেবে। আজ এই দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক এবং প্রকাশকেরা কলকাতায় আলোচনা সভায় অংশ নেন।
আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, মানবজাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে, সংস্কৃতিমান করতে বই অসামান্য অবদান রেখেছে। বই ভাবনাকে ঋদ্ধ করে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে।
আলোচনায় সংস্কৃতিমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আশাবাদ ব্যক্ত করে বলেন, দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সমস্যার অচিরেই সমাধান হবে। তিনি ধর্মান্ধতামুক্ত সমাজ গড়তে দুদেশ একযোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এবারের বইমেলায়ও বাংলাদেশ প্যাভিলিয়নে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। প্যাভিলিয়নটি গড়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে। এই প্যাভিলিয়নে ঠাঁই দেওয়া হয়েছে বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থাকে। এর মধ্যে সাতটি সরকারি। এবারের বইমেলায় বাংলাদেশসহ ২৯টি দেশ অংশ নিয়েছে। স্টল হয়েছে ৮০০টি।
বিকেলে বাংলাদেশ দিবস উপলক্ষে মিলনমেলা ময়দানের এসবিআই মিলনায়তনে আয়োজিত ‘সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা’ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাংলাদেশের শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি রশীদ হায়দার, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা এবং বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম। আলোচনা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শোনান বাংলাদেশের শিল্পীরা।
মূল প্রবন্ধে কামাল চৌধুরী বলেন, মনন, বুদ্ধিবৃত্তি, সংস্কৃতি ও কৃেকৗশলের বিস্ময়কর অগ্রগতি সমৃদ্ধির পথকে প্রশস্ত করেছে বই।
শামসুজ্জামান খান বলেন, সাধারণ মানুষের শ্রম, সৃজনশীলতার পাশাপাশি বইয়ের মাধ্যমে সভ্যতার বিকাশ হয়।
রণজিত্ বিশ্বাস বলেন, ‘বই না থাকলে আমরা বুঝতে পারতাম না, মানুষ কেন অন্য প্রাণীর মতো নয়। বই আছে বলেই আমরা বুঝতে পারি প্রাণী কেন মানুষ নয়।’
রশীদ হায়দার বলেন, সভ্যতা বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই।
অসীম সাহা বলেন, সভ্যতার বিনির্মাণে বইয়ের ভূমিকা অপরিসীম। ওসমান গণি বলেন, ‘বই আমাদের অতীত আর ভবিষ্যতের সেতুবন্ধন তৈরি করে।’
কামাল চৌধুরীর বই প্রকাশ
আজ বিকেলে কবি কামাল চৌধুরীর নির্বাচিত কবিতার একটি বই প্রকাশিত হয়েছে বইমেলায়। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন আসাদুজ্জামান নূর। বইটি প্রকাশ করে পাঠক প্রকাশনা সংস্থা।