মামলার কার্যক্রম থেকে সরকারি কৌঁসুলিকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিকম কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে আলাপ করার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একজন গুরুত্বপূর্ণ কৌঁসুলিকে অপসারণ করা হয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে এ কে সিং নামের সিবিআইয়ের ওই কৌঁসুলির সঙ্গে ব্যবসায়ী সঞ্জয় চন্দ্রের কথোপকথনের অডিও টেপ প্রচারের পর গতকাল মঙ্গলবার এ পদক্ষেপ নেওয়া হয়।টেলিকম লাইসেন্স বিক্রির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ওই মামলায় কার্যক্রম পরিচালনা করছে সিবিআইয়ের একটি প্রসিকিউশন দল। সরকার বলছে, ওই অনিয়মের কারণে সরকারের চার হাজার কোটি ডলার রাজস্বের ক্ষতি হয়েছে। নিউজ চ্যানেল সিএনএন-আইবিএনের সম্প্রচার করা অডিও টেপে শোনা গেছে, বিশেষ আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষী কীভাবে সাক্ষ্য দেবেন, সে বিষয়ে সিবিআইয়ের প্রসিকিউশন দলের সদস্য এ কে সিং ব্যবসায়ী সঞ্জয় চন্দ্রকে বলে দিচ্ছেন। তবে সঞ্জয় চন্দ্র দাবি করেছেন, আদালতের বাইরে তিনি কোনো সরকারি কৌঁসুলির সঙ্গে কথা বলেননি। এমনকি এ বিষয়ে তিনি ফোনেও আলাপও করেননি। সিবিআই কর্তৃপক্ষ বলেছে, এ কে সিংকে প্রসিকিউশন দল থেকে অপসারণ করা হয়েছে এবং ওই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিবিসি।