টাটার জমি মামলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরাজয়ে সিঙ্গুরজুড়ে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে যেসব কৃষক জমির ক্ষতিপূরণ মূল্য নেননি, তাঁরা জমির ক্ষতিপূরণের টাকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রাজ্য সরকার রক্ষা করতে দায়বদ্ধ। সিঙ্গুরে টাটাকে জমি দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেতা এবং কৃষিজমি রক্ষা কমিটির আহ্বায়ক ও তৃণমূল বিধায়ক বেচারাম মান্না বলেছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করবেন।এদিকে বহু অনিচ্ছুক কৃষক জমির ক্ষতিপূরণের টাকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। টাটার আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, তিনি কৃষকদের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।নির্বাচনের আগে মমতা ঘোষণা দিয়েছিলেন, তিনি জয়ী হলে টাটার গাড়ির কারখানা গড়ার জন্য রাজ্য সরকারের অধিগৃহীত ৯৯৭ একর জমির যে ৪০০ একরের কৃষকেরা ওই জমির ক্ষতিপূরণের টাকা নেননি, তাঁদের জমি ফিরিয়ে দেবেন। মমতা নির্বাচনে জয়লাভ করার পর ওই জমি ফিরিয়ে দেওয়ার জন্য গত বছরের জুন মাসে ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন’ নামে একটি আইন পাস করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়। সেই আইনবলে ওই জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে এর বিরুদ্ধে কলকাতার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আবেদন জানায় টাটা মোটরস। সেই আবেদনের শুনানি শেষে শুক্রবার কলকাতা হাইকোর্ট ওই আইনকে অসাংবিধানিক এবং অবৈধ বলে ঘোষণা করেন।