মায়ের জন্য অনন্য ভালোবাসা

মাত্র ১০ হাজার রুপি দিতে না পারায় কারাগারের বন্দিজীবন মেনে নিতে হয়েছিল ভারতের কানপুরের বিজয় কুমারীকে। চার মাসের অন্তঃসত্ত্বা বিজয় কুমারী কারাগারেই জন্ম দেন ছেলে কানাইয়ার। নিরপরাধ ছেলেকে মুক্ত জীবন দিতে একসময় তাকে কারাগারের বাইরে পাঠিয়ে দেন তিনি। কারাগারের বাইরে এসে মুক্ত জীবনের স্বপ্ন দেখার আশা কুমারী যখন ছেড়ে দিয়েছিলেন, তখনই তাঁর জীবনে ঘটল আনন্দের ঘটনাটি। অর্থ পরিশোধ করে ১৯ বছর পর ছেলে তাঁকে মুক্ত জীবনের স্বাদ দিলেন।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ১৯ বছর আগে খুনের মামলায় দোষী সাব্যস্ত হন বিজয় কুমারী। তবে তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল। তিনি ওই খুনের সঙ্গে জড়িত ছিলেন না। অর্থদণ্ডের ১০ হাজার রুপি দিতে না পারায় তাঁকে যেতে হয় কারাগারে। সেখানেই জন্ম হয় ছেলে কানাইয়ার। স্বামী তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। বন্দিজীবনে স্বামী বা স্বজনের কেউ কোনোদিন তাঁর কোনো খবরও নেয়নি।
বিজয় কুমারী বলেন, তিনি বুঝতে পারেন, কারাগারে থাকলে ছেলের জীবন হবে তাঁর মতোই অন্ধকারে ঘেরা। তাই ছেলের পাসপোর্ট আকারের একটি ছবি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে তিনি ছেলেকে কারাগারের বাইরে পাঠিয়ে দেন।
অসহায় কানাইয়া কিশোর সংশোধন কেন্দ্রসহ নানা জায়গা ঘুরে একসময় পোশাক কারখানায় কাজ শুরু করেন। আর মাকে কারাগার থেকে মুক্ত করতে অর্থ জমাতে থাকেন। কানাইয়া বলেন, ‘মায়ের জন্য মনটা সব সময় খারাপ হতো। তাঁর জন্য নীরবে চোখের জল ফেলতাম।’
প্রয়োজনীয় অর্থ জমানো হলে কানাইয়া এক আইনজীবীর সঙ্গে দেখা করেন। সব খুলে বললে বিস্মিত ওই আইনজীবী তাঁর মায়ের মুক্তির জন্য আইনি লড়াই শুরু করেন।
বিচারক এই ঘটনা শুনে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে রাজ্যে এ ধরনের ঘটনা আর ঘটেছে কি না, তা খুঁজে বের করার নির্দেশ দেন। ভারতের বিভিন্ন কারাগারে আনুমানিক তিন লাখ বন্দী আছে। তাদের ৭০ শতাংশই বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। আবার তাদের বেশির ভাগই দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী।
এরপর আসে সেই আনন্দের দিন। ১৯ বছর পর ছেলে কানাইয়া প্রয়োজনীয় অর্থ ও উজ্জ্বল হলুদ রঙের একটি শাড়ি নিয়ে কানপুরের কারাগারে যান। মুক্তির পর ছেলের কাছ থেকে এমন উপহার পেয়ে আনন্দে কাঁদছিলেন বিজয় কুমারী। তিনি বলেন, ‘আমি শুধু চাই, আমার ছেলে প্রতিষ্ঠিত হোক। সে ছাড়া আমার আর কেউ নেই।’
মাকে নিয়ে ছেলে তাঁর বাবাকে খুঁজে বের করতে চান। একই সঙ্গে চান, সম্পত্তিতে তাদের অধিকার। তবে সবকিছুর আগে তাঁরা বর্তমানকে সুন্দর করতে আপ্রাণ চেষ্টা করছেন।