মারা গেল লোনসাম জর্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওদের গড় আয়ু ২০০ বছর। সে অনুযায়ী আরও শ-খানেক বছর বেঁচে থাকতে পারত সে। কিন্তু তা আর হলো না। আয়ুষ্কালের অর্ধেক সময় পার করেই বিদায় নিতে হলো তাকে; তা-ও কোনো বংশধর না রেখেই। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।যার কথা বলা হচ্ছে, সে বিশাল এক ভূচর কচ্ছপ। নাম লোনসাম জর্জ। ইকুয়েডরে গ্যালাপাগোস ন্যাশনাল পার্কে ঘুরে বেড়াত সে। গত রোববার তার মৃত্যু হয়েছে বলে ওই পার্কের একজন কর্মকর্তা জানান। জর্জের মৃত্যুর মাধ্যমে কচ্ছপের একটি উপপ্রজাতি বিলুপ্ত হয়ে গেল। মৃত্যুর কারণ উদ্ঘাটনে জর্জের ময়নাতদন্ত করা হবে।৪০ বছর ধরে জর্জের দেখভাল করার দায়িত্ব পালনকারী ফোসতো লিরেনা জানান, জর্জকে তার পানি পানের গর্তের স্থানে মৃত অবস্থায় পাওয়া যায়।১৯৭২ সালে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের পিন্টা দ্বীপে হাঙ্গেরির একজন বিজ্ঞানী জর্জকে প্রথম খুঁজে পান।গ্যালাপাগোস ন্যাশনাল পার্কের প্রজনন কর্মসূচির আওতায় জর্জের লালন-পালন চলছিল।গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ওলফ ভলকানোর কাছের এক স্ত্রী-কচ্ছপের সঙ্গে ১৫ বছর ছিল জর্জ। পরে স্ত্রী-কচ্ছপটি ডিমও পাড়ে। কিন্তু ডিমগুলো নিষিক্ত হয়নি।এরপর জর্জকে এসপানোলা দ্বীপের কয়েকটি স্ত্রী-কচ্ছপের সঙ্গে এক খাঁচায় রাখা হয়। কিন্তু এখানেও জর্জের বংশ বাড়ানো সম্ভব হয়নি।জর্জ ছিল গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক প্রতীক। তাকে দেখতে বছরে প্রায় দুই লাখ পর্যটক দ্বীপটিতে আসত।পার্কের কর্মকর্তারা জানান, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে জর্জের মৃতদেহ মমি করে রাখা হতে পারে। বিবিসি ও এএফপি।