মারাক্কেশেও ট্রাম্পকে নিয়ে হিসাবনিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বান কি মুন
বান কি মুন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্র যে ভূমিকা ইতিমধ্যে নিয়েছে, তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন বান কি মুন

ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে শেষে বান কি মুনও নড়েচড়ে বসেছেন। পরিবেশবাদী ও জলবায়ু যোদ্ধাদের ট্রাম্প-আতঙ্ক জাতিসংঘের এই মহাসচিবকেও যেন ছুঁয়ে গেছে। মেয়াদকালের পুরো সময়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি চুক্তির জন্য লড়াই করে যাওয়া বান গতকাল ট্রাম্পের উদ্দেশে একটি লিখিত বক্তব্য দিয়ে ফেলেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্র যে ভূমিকা ইতিমধ্যে নিয়েছে, তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা করছেন।
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর মারাক্কেশ শহরে জলবায়ু সম্মেলনের চতুর্থ দিন গতকাল বৃহস্পতিবার আলোচনার অনেকটা জুড়ে ছিল ট্রাম্প প্রসঙ্গ। সম্মেলনের আলোচনা ও সমঝোতার প্রতিটি কক্ষে একেক দেশের প্রতিনিধিদের একেক ভাষায় নিজ নিজ দেশের অবস্থান নিয়ে আলোচনা করতে দেখা গেল। সেখানে ফিরে ফিরে ডোনাল্ড ট্রাম্প শব্দটি ভেসে আসছিল। শত ভাষার এই সম্মেলনে একটিই অভিন্ন শব্দ—ট্রাম্প।
বিশ্বের তাবৎ পরিবেশবাদী ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে হিসাব কষতে শুরু করেছে, ট্রাম্পের জয় বিশ্বের কার্বন কমানোর লক্ষ্যমাত্রাকে কতটা পেছনে ঠেলে দেবে, সবুজ জলবায়ু তহবিলে যুক্তরাষ্ট্রের ৩০০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার কতটুকু বাস্তবায়িত হবে।
পরিবেশবিষয়ক সংস্থা ফ্রেন্ডস অব দ্য আর্থের আন্তর্জাতিক জলবায়ু বিভাগের পরিচালক আসাদ রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাত্র ৫০ কোটি ডলার দিয়েছে সবুজ জলবায়ু তহবিলে। বাকি টাকা ট্রাম্প সরকার আদৌ দেবে কি না, সেটা নিয়ে অবশ্যই দুশ্চিন্তা আছে। তবে যুক্তরাষ্ট্র যদি কিয়োটো প্রটোকলের মতো প্যারিস চুক্তি থেকেও সরে যায়, তাহলে তার দায় সে দেশের জনগণকেও নিতে হবে।
১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে বিশ্বের প্রথম যে জলবায়ু চুক্তি হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছিল। কিন্তু সরকার বদলের পর তারা ওই চুক্তি আর অনুমোদন দেয়নি।
প্যারিস চুক্তিতে ওবামা সরকার স্বাক্ষর ও অনুমোদন দেওয়ার আগে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীন, রাশিয়া ও ভারত পরোক্ষভাবে শর্ত দিয়েছিল, যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার বস্তবায়ন করলে তারাও একই অনুপাতে কার্বন নিঃসরণ কমাবে।
ট্রাম্পের জয় বিশ্বের কার্বন নিঃসরণ কমানো ও দরিদ্র দেশগুলোর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর পথকে কতটা জটিল করে তুলবে, এই প্রশ্ন করা হলে কিছুটা আশার বাণী শোনালেন জলবায়ু বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সালিমুল হক। তিনি বলেন, মরক্কো সম্মেলনে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিদলটি এসেছে, তারা সবাই ওবামা প্রশাসনের লোক। তাদের প্যারিস চুক্তির অবস্থানের ধারাবাহিকতা বজায় থাকবে। আর এই প্রতিনিধিদল ডোনাল্ড ট্রাম্পকে নিশ্চয়ই বাস্তব পরিস্থিতি বোঝাবে। আশা করা যায়, ট্রাম্প তাঁর রাষ্ট্রের জলবায়ু নীতি পাল্টে ফেলবেন না।
তবে হোয়াইট হাউসে অধিষ্ঠিত হওয়ার আগেই ট্রাম্প ইতিমধ্যে তাঁর জলবায়ু পরামর্শক দলকে ডেকে পাঠিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ইউএসএ টুডেতে খবর বেরিয়েছে। প্যারিস চুক্তির শর্ত বাস্তবায়নে বাধ্য করার কোনো উপায় নেই। তবে এই চুক্তি কেউ বাতিল করতে চাইলে চার বছর পর তা করতে হবে। আর কার্বন নিঃসরণ কমানোর যে লক্ষ্যমাত্রা দেশগুলো প্যারিস চুক্তিতে দিয়েছে, তা কতটুকু বাস্তবায়িত হলো, তার পর্যালোচনা হবে ২০১৮ সালে। ফলে নতুন নীতি নিতে হলে ট্রাম্পকে আরও অপেক্ষা করতে হবে।
জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে আসা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের জলবায়ু নীতির বদল যাতে না হয়, সে জন্য বিশ্বের পরিবেশবাদীরা এখন থেকেই সোচ্চার। আশা করা যায়, জনমতের চাপে ট্রাম্প বিশ্বকে বিপদে ফেলবেন না।