মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ছে
চিকিৎসার অযোগ্য ব্যাকটেরিয়া সংক্রমণের একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে বিশ্ব। সব অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি এবং নতুন ওষুধ আবিষ্কারের আগ্রহ কমে যাওয়ায় এ আশঙ্কা করা হচ্ছে।ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইসিডিসি) গত বৃহস্পতিবার জানিয়েছে চিকিৎসায় কাজ হয় না—এমন সংক্রমণের রোগীর সংখ্যা ইউরোপে দিন দিন বাড়ছে। এর অন্যতম কারণ কে. নিউমোনি নামের একধরনের ব্যাকটেরিয়া। সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক কার্বাপিনেমও প্রতিরোধ করতে পারে না এ ব্যাকটেরিয়া। ইসিডিসির পরিচালক মার্ক স্প্রিংগার বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ। এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রয়োজন।’এদিকে যুক্তরাজ্যের হেলথ প্রোটেকশন এজেন্সির এক জরিপে দেখা গেছে, ব্রিটিশদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ বিশ্বাস করে যে বেশির ভাগ ঠান্ডা-সর্দিজনিত সমস্যায় অ্যান্টিবায়োটিক কাজ করে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। বেশির ভাগ শ্বাসনালির সংক্রমণই হয় ভাইরাস থেকে। ওই জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের একজন বেচে যাওয়া অ্যান্টিবায়োটিক পরে ব্যবহারের জন্য রেখে দেন যা বিপজ্জনক। বিবিসি।