সিলভিও বেরলুসকোনির পদত্যাগের পর ইতালির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ মারিও মনতি। প্রেসিডেন্ট জর্জিয়া নাপোলিতানো গত রোববার মনতিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের জন্য মনতির প্রতি আহ্বান জানান।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি ঋণ-সংকটে জর্জরিত। দেশটির ঋণ-সংকট পুরো ইইউকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ইইউয়ের সাবেক কমিশনার মারিও মনতির প্রথম কাজ হবে ঋণ-সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়া।ধারণা করা হচ্ছে, তাঁর প্রজ্ঞা কাজে লাগিয়ে ইতালিকে বর্তমান সংকট থেকে রক্ষা করতে পারবেন অর্থনীতির এই অধ্যাপক। প্রধানমন্ত্রী হিসেবে মনতি দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার এশিয়ার স্টক মার্কেটে চাঙাভাব দেখা যায়।প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর মনতি সাংবাদিকদের বলেন, ‘ইইউতে ইতালি আবার অবশ্যই শক্তির উপাদান হবে, দুর্বলতার নয়।’নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে মনতি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে জরুরি ভিত্তিতে অর্থনৈতিক সংকট মোচন করা, প্রবৃদ্ধির পথ উন্মুক্ত করা ও সামাজিক বৈষম্য দূর করা।’ তিনি আরও বলেন, ‘শিশুদের জন্য আমরা মর্যাদাপূর্ণ ও আশাবাদী ইতালি গড়তে চাই।’মনতি বলেন, সরকার পরিচালনা করতে গিয়ে তিনি পার্লামেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছেন।মনতিকে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। কিন্তু নতুন সরকার গঠন ও তাঁর মন্ত্রিসভায় কারা থাকছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নতুন প্রধানমন্ত্রী। তবে তিনি বলেছেন, দ্রুততার সঙ্গেই মন্ত্রিসভা গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করবেন। এ নিয়ে এ সময়ের মধ্যেই জরুরি আলোচনা শুরু করেছেন তিনি।গত শনিবার বেরলুসকোনির পদত্যাগপত্র গ্রহণের পর গত রোববার ইতালির জ্যেষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে দিনভর অন্তত ১৭টি বৈঠক করেন প্রেসিডেন্ট নাপোলিতানো। এরপর তিনি প্রধানমন্ত্রী হিসিবে মনতির নাম ঘোষণা করেন। এতে বেরলুসকোনির দলসহ ইতালির সব দলের নেতারা সম্মতি জানান।প্রেসিডেন্ট নাপোলিতানো বলেছেন, তিনি আশা করেন, এ সপ্তাহের শেষে পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে নতুন সরকারের অনুমোদন দেওয়া হবে, যাতে নতুন সরকার দ্রুতই ব্যয়-সংকোচন ও অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু করতে পারে।তবে কোনো কারণে প্রধানমন্ত্রী মনতি নতুন সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিসহ বিশ্বের নেতারা নতুন সরকার গঠন করে অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য ইতালির ওপর চাপ সৃষ্টি করছেন।দেশের অর্থনৈতিক সংকট কাটাতে ব্যর্থতা নিয়ে চাপের মুখে গত শনিবার পদত্যাগ করেন বেরলুসকোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে তিনি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন। বহু সংকট কাটিয়ে উঠে টিকে থাকার ব্যাপারে খ্যাতি ছিল তাঁর। কিন্তু সাম্প্রতিক আর্থিক সংকটের চরম মাত্রা বেরলুসকোনিকে পর্যুদস্ত করে। এ ছাড়া একের পর এক নারীঘটিত কেলেঙ্কারি তাঁর জনপ্রিয়তায় ব্যাপক ধস নামায়।নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনতিকে স্বাগত জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসো ও ইইউয়ের প্রেসিডেন্ট হারমান ফন রোমপুই বলেছেন, এটি আরও একটি আশা জাগানিয়া সংকেত। ইতালির কর্তৃপক্ষ দেশটির চলমান সংকট থেকে উত্তরণে বদ্ধপরিকর। এএফপি ও বিবিসি অনলাইন।