মারিয়ানা ট্রেঞ্চ মৃত্যুপুরী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হিসেবে পরিচিত মারিয়ানা ট্রেঞ্চে অসংখ্য অণুজীব ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন। তাঁদের এই গবেষণা প্রতিবেদন নেচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।সূর্যালোকের অভাব, নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপ সত্ত্বেও ৩৬ হাজার ফুট গভীর ওই স্থানে বিস্তার লাভ করছে বিভিন্ন প্রজাতির অণুজীব। মৃত উদ্ভিদ ও মাছের দেহাবশেষই সেখানকার অণুজীবের খাবার। সাগরতলের গিরিখাতকে প্রাণের অস্তিত্বের অনুপযোগী বলে আগে ধারণা করা হতো। তবে নতুন গবেষণায় বলা হচ্ছে, হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা, উচ্চ চাপ ও গভীর অন্ধকারাচ্ছন্ন ওই অঞ্চলে কিছুসংখ্যক অণুজীবের অস্তিত্বের প্রমাণ মিলেছে।সংশ্লিষ্ট গবেষক ও স্কটিশ অ্যাসোসিয়েশন ফর মেরিন সায়েন্সের বিজ্ঞানী রবার্ট টার্নউইটশ বলেন, গভীরতম মহাসাগরের সবচেয়ে গভীর অংশটি মৃত্যুপুরী নয়। ২০১০ সালে সেখানে অনুসন্ধানী যন্ত্র পাঠিয়ে সাগরতলের পলি সংগ্রহ করা হয়। সেই পলি বিশ্লেষণ করে অক্সিজেনের উপস্থিতির প্রমাণ মিলেছে। এর মানে সেখানে বিপুলসংখ্যক অণুজীবের বিচরণ রয়েছে। এসব আদি ও এককোষী প্রাণী অন্যান্য অঞ্চলে বসবাসকারী অণুজীবের তুলনায় বিস্ময়করভাবে বেশি (প্রায় দ্বিগুণ) সক্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে নিমজ্জিত মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের সরবরাহ গভীরতম অঞ্চলে বাড়ছে। তাই সেখানে বিভিন্ন অণুজীবের বিচরণও বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে জলবায়ুর কার্বনচক্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রয়টার্স ও বিবিসি।