মারিয়ানা ট্রেঞ্চে জেমস ক্যামেরন
হলিউডের পরিচালক জেমস ক্যামেরনের সিনেমা মুক্তি পাওয়ার অর্থ ভিন্ন কিছু। টাইটানিক সিনেমা বানিয়েও তিনি চলচ্চিত্র দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন। এবার সিনেমা নয়, নিজেই করে বসলেন দুঃসাহসিক এক কাজ।ক্যামেরন একটি ছোট ডুবোযানে করে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চে দুঃসাহসিক এক অভিযান শেষে নিরাপদে ফিরে এসেছেন। গতকাল সোমবার অভিযানের আয়োজকেরা এ কথা জানান। ডিপ সি চ্যালেঞ্জ নামের ওই আয়োজক প্রতিষ্ঠান টুইটারে এক বার্তায় জানায়, ‘জিম ক্যামেরন নিরাপদে ফিরেছেন। ছোট ডুবোযানে করে ১১ কিলোমিটার (সাত মাইল) নিচে মহাসাগরের গভীরতম স্থানে সফল অভিযানের জন্য তাঁকে অভিনন্দন।’মারিয়ানা ট্রেঞ্চে একক ব্যক্তি হিসেবে ছোট ডুবোযানে করে ক্যামেরন প্রথম দুঃসাহসিক অভিযানে গেলেন। এর আগে ১৯৬০ সালে মার্কিন নৌবাহিনীর দুজনের একটি দল মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালায়। তারা প্রায় ২০ মিনিট সেখানে কাটিয়েছিল।অভিযানের অংশীদার প্রতিষ্ঠান ন্যাশনাল জিওগ্রাফিক জানায়, গতকাল স্থানীয় সময় সাতটা ৫২ মিনিটের দিকে ক্যামেরন তাঁর বিশেষভাবে তৈরি ডুবোযানে করে মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছান। তিনি সেখানে প্রায় তিন ঘণ্টা কাটান। সেখান থেকে তিনি বৈজ্ঞানিক গবেষণার জন্য নমুনা সংগ্রহ করেন এবং সেগুলোর ছবি তোলেন ও ভিডিও করেন। অতি গভীর হওয়ার কারণে মারিয়ানা ট্রেঞ্চে সব সময় ঘুটঘুটে অন্ধকার থাকে এবং এখানকার তাপমাত্রা হিমাঙ্কের মাত্র কয়েক ডিগ্রি ওপরে। মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ আট টন, যা সমুদ্রের উপরিভাগের পানির স্বাভাবিক চাপের চেয়েও এক হাজার গুণ বেশি। সমুদ্রে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে পানির চাপও বাড়তে থাকে। এএফপি।