মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরে মার্কিন অভিবাসন আইন সংস্কার হচ্ছে না। কারণ, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি এই বছর আর হচ্ছে না।
ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় বোয়েনারকে কাছে পেয়ে দুটি শিশু অভিবাসনব্যবস্থা সংস্কার বিষয়ে তাঁর কাছে জানতে চায়। বোয়েনার শিশুদের বলেন, ‘আমি সংস্কারকাজ চূড়ান্ত করার পথ খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু আইনসভা সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সহজ পথ দিচ্ছে না।’ এনবিসি টেলিভিশন বোয়েনারের সঙ্গে শিশু দুটির দেখা হওয়ার ঘটনা প্রকাশ করে।
প্রতিনিধি পরিষদের স্পিকার বোয়েনার বলেন, ‘সিনেটে অভিবাসন বিল নিয়ে মতবিনিময় করার কোনো ইচ্ছা আমাদের নেই।’ বোয়েনারের এই বক্তব্যের অর্থ হচ্ছে, প্রতিনিধি পরিষদেও অভিবাসন আইন সংস্কার নিয়ে ভোটাভুটি হচ্ছে না।
প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ সদস্য ও রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি গত সপ্তাহে বলেন, অভিবাসন আইন সংস্কার নিয়ে চলতি বছর কংগ্রেসে ভোটাভুটি হচ্ছে না। আইনসভায় নির্ধারিত অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ততার কারণে সেটি সম্ভব হচ্ছে না।
যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। বারাক ওবামা দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিতে অভিবাসনব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া শুরু করেন। কিছুদিন আগে ওবামা জোরের সঙ্গে বলেন, চলতি বছরের মধ্যেই অভিবাসনব্যবস্থা সংস্কারের নতুন আইন হচ্ছে।
অভিবাসন ব্যবস্থা সংস্কারে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির চার জন করে মোট আটজন সিনেটরকে নিয়ে গঠিত কমিটি কাজ করছে। এএফপি।