মার্কিন অর্থনীতি দ্রুত চাঙা করতে ব্যর্থ ওবামা: রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা মন্দা কাটিয়ে মার্কিন অর্থনীতি দ্রুত চাঙা করে তুলতে ব্যর্থ হয়েছেন। ওয়াশিংটনে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের উদ্দেশে বক্তব্যে রমনি এ অভিযোগ করেন। গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও উইসকনসিন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে জয় পেয়ে অবস্থান সুসংহত করেছেন রমনি। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই যে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে বলার মতো দূরত্বে এগিয়ে থাকার পর থেকেই মনোনয়নপ্রত্যাশী প্রতিদ্বন্দ্বীদের চেয়ে প্রেসিডেন্ট ওবামারই বেশি সমালোচনা করছেন রমনি।সম্পাদকদের উদ্দেশে বক্তৃতায় রমনি অভিযোগ করেন, ওবামা জনগণের কাছে তাঁর সত্যিকার উদ্দেশ্য গোপন করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ওবামা জানিয়েছেন, নির্বাচন পর্যন্ত তিনি রাশিয়ার প্রতি ‘নমনীয়’ থাকবেন। রমনি প্রশ্ন করেন, ‘ওবামার আসলে উদ্দেশ্যটা কী? ভোটারদের প্রতি কি তাঁর জবাবদিহি নেই? জনগণের প্রতি জবাবদিহির চেয়ে বিদেশি নেতাদের প্রতি কেন তাঁর নমনীয়তা?’ আগের দিন একই ফোরামে রমনির সমালোচনা করেন প্রেসিডেন্ট ওবামা। তিনি গত সপ্তাহে কংগ্রেশনাল রক্ষণশীলদের ‘রেডিক্যাল’ বাজেট পাস করতে সমর্থন দেওয়ায় রমনির সমালোচনা করেন।নতুন করে শুরুর প্রত্যাশা স্যান্টোরামের: রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা স্যান্টোরাম পেনসিলভানিয়া থেকে ‘নতুন করে শুরুর’ জন্য তাঁকে সমর্থন দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান। স্যান্টোরাম পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন।গত মঙ্গলবার তিনটি অঙ্গরাজ্যে হেরে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছেন স্যান্টোরাম। তবে এখনো তাঁর গাণিতিক সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ এপ্রিল পেনসিলভানিয়ায় প্রাথমিক বাছাই হবে।প্রচারণায় স্যান্টোরাম স্বীকার করেন, পেনসিলভানিয়ায় তাঁর নতুন করে শুরু অথবা অভিযান শেষ করতে হবে। রিয়েলক্লিয়ারপলিটক্স ওয়েবসাইটের জরিপে দেখা যায়, পেনসিলভানিয়ায় রমনির চেয়ে ছয় শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন স্যান্টোরাম। এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৭ অঙ্গরাজ্যের নির্বাচনে রমনি ২৪টিতে জয়ী হন। তিনি ৬৫৫ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন। প্রার্থিতা নিশ্চিত করতে প্রয়োজন এক হাজার ১৪৪ জনের সমর্থন। বিপরীতে স্যান্টোরাম জিতেছেন ১১টি অঙ্গরাজ্যে জিতে ২৭৮ প্রতিনিধির সমর্থন পেয়েছেন। এএফপি।