মার্কিন উদ্যোগ কয়েক সপ্তাহ ঝুলে থাকতে পারে
সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বিতর্কিত এই ইস্যুতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ এবং ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেটকে একমত হতে বলেছেন। ওবামার এই পদক্ষেপ সিরিয়া সংকটে ওয়াশিংটনের জবাবের ব্যাপারে অনিশ্চয়তায় নতুন মাত্রা যোগ করেছে।
কংগ্রেস অবকাশে থাকায় ৯ সেপ্টেম্বরের আগে এ বিষয়ে আলোচনা শুরুই হচ্ছে না। তার অর্থ, ওয়াশিংটনের সিরিয়া অভিযান আরও কয়েক সপ্তাহের জন্য ঝুলে থাকছে। বিষয়টি গত শনিবারই স্পষ্ট হয়ে গেছে।
প্রেসিডেন্ট ওবামা শনিবার আকস্মিকভাবে ঘোষণা দেন, তিনি সিরিয়ায় সীমিত মাত্রায় সামরিক হামলার বিষয়ে কংগ্রেসের কাছ থেকে অনুমোদন নেবেন। তবে এই কংগ্রেসের অনেক সদস্যই ওবামার সব প্রস্তাবই বাছবিচার ছাড়া বিরোধিতা করে থাকেন। ওবামা নিজেই এই অভিযোগ করেছেন।
প্রতিনিধি পরিষদের একজন ডেমোক্রেটিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভোটাভুটির বিষয়টি নির্ভর করবে মূলত রিপাবলিকানদের ওপর।
প্রতিনিধি পরিষদ ও সিনেটে ভোটাভুটির চিত্র কী রকম হতে পারে, এ প্রশ্নের জবাবে টেনেসি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বব কর্কর বলেন, তাঁর মনে হয় এটা ‘সমস্যাসংকুল’ হতে পারে। সিএনএনকে তিনি বলেন, ‘সিরিয়ায় কী ঘটছে, তা কিছু সদস্য না বুঝতে পারেন। যুক্তরাষ্ট্রের জনগণ এখন আর এটার সমর্থক নয়...আমি মনে করি না যে দেশ এখন সেখানে আছে।’
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক জন অল্টারম্যান বলেন, ‘যেখানে কংগ্রেসের সঙ্গে কাজ করার বিরাট সফলতা নেই, সেখানে কংগ্রেসকে টেনে আনার বিষয়টি আমার কাছে জুয়া খেলার মতো মনে হয়েছে।’
অল্টারম্যানের মতে, প্রেসিডেন্ট ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর মাধ্যমে মীমাংসায় পৌঁছানোর একটা সংকেত দিয়েছেন। তবে এ বিশেষজ্ঞের প্রশ্ন, যদি তাঁরা সমর্থন না পান তাহলে কী হবে? তখন দেশ চালাতে ওবামা প্রশাসনের সক্ষমতা প্রশ্নে এটা কী বার্তা দেবে?
সিরিয়া ইস্যুটি রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর বিষয়। এটা দলের ভেতরে এবং দুই দলের মধ্যে বিভাজনের জন্ম দিয়েছে। কংগ্রেসের ব্ল্যাক ককাসের সদস্যদের মতো কিছু ঐতিহ্যবাহী উদারপন্থী ডেমোক্র্যাট সিরিয়ায় অভিযানের বিষয়টিকে সন্দেহের দৃষ্টিতে দেখে আসছেন। বেশ কয়েকজন ডেমোক্র্যাট গত বৃহস্পতিবার একটি চিঠিতে সই করেছেন, যেখানে একটি ‘অপরিণামদর্শী যুদ্ধে’ জড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান জাস্টিন অ্যামাশের মতো কিছু অতি রক্ষণশীল রিপাবলিকানও বিষয়টিকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন। রয়টার্স।