মার্কিন উপদূতাবাসে হামলায় আল-কায়েদা জড়িত নয়
লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে গত মাসের হামলার সঙ্গে আল-কায়েদার সংশ্লিষ্টতা পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস-এর প্রতিবেদনে গতকাল শনিবার প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, বেনগাজিতে যে হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন নিহত হন, সেটি স্বল্প সময়ের পরিকল্পনায় করা হয়েছিল।একজন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, হামলাকারীরা বিশৃঙ্খল অবস্থায় ছিল। কেউ কেউ হামলার পর ঘটনাস্থলে যোগ দিয়েছে, কারও কারও কাছে অস্ত্র ছিল না, আবার কেউ কেউ লুটপাটে ব্যস্ত ছিল। আরেকজন কর্মকর্তা জানান, হামলার দিন বা এর আগে হামলার পরিকল্পনার ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। ‘লিবিয়া পুরোপুরি মূক্ত নয়’: লিবিয়ার রাষ্ট্রপ্রধান মোহাম্মাদ মেগারিফ বলেছেন, সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি-যুগের অবসানের এক বছর পার হলেও দেশ এখনো পুরোপুরি মুক্ত নয়।গাদ্দাফি শাসন অবসানের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার মেগারিফ এ কথা বলেন। জাতীয় পরিষদের প্রধান মেগারিফ বলেন, ‘লিবিয়া মুক্তির অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।’মেগারিফ উদাহরণ হিসেবে বনি ওয়ালিদের কথা উল্লেখ করেন। এএফপি।