মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা লিবিয়ার ভিন্নমতাবলম্বীদের দমনে কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে সহায়তা করেছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির সাবেক গোয়েন্দাপ্রধানের পরিত্যক্ত কার্যালয় থেকে পাওয়া নথি থেকে এ তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত শনিবার এ তথ্য জানায়।এদিকে ত্রিপোলিতে পরিত্যক্ত ব্রিটিশ দূতাবাস থেকে পাওয়া নথি থেকে জানা গেছে, লকারবি বিমান হামলায় দোষী সাব্যস্ত লিবিয়ার নাগরিক আবদেল বাসেত আল মেগরাহিকে মুক্তি দেওয়ার জন্য ব্রিটিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন গাদ্দাফি। তিনি যেকোনো মূল্যে মেগরাহির মুক্তি চেয়েছিলেন।লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার দপ্তরে পরিত্যক্ত বিভিন্ন নথি পাওয়া যায়। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, তারা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর সঙ্গে গাদ্দাফির পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার বিনিময় করা শত শত চিঠি পেয়েছে। সংস্থাটি এসব চিঠির বরাত দিয়েই সিআইএ ও এমআই৬-এর সঙ্গে গাদ্দাফি সরকারের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে।হিউম্যান রাইটস ওয়াচ জানায়, চিঠিতে সিআইএ মুসা কুসাকে ‘ডিয়ার মুসা’ বলে সম্বোধন করে। সিআইএর কর্মকর্তারা নামের প্রথমাংশ ব্যবহার করে অনানুষ্ঠানিক স্বাক্ষর ব্যবহার করেন। সংস্থাটি জানায়, লিবিয়ার বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) নিযুক্ত ত্রিপোলির সামরিক প্রধান আবদেল হাকিম বেলহাজ গাদ্দাফির বিরুদ্ধাচরণ করে দেশ ছেড়েছিলেন। সিআইএ তাঁকে এশিয়ার কোনো দেশ থেকে আটক করে লিবিয়ায় পাঠায়।হিউম্যান রাইটস ওয়াচের পিটার বোকায়ের্ট বলেন, ‘তাঁরা একটি নথি পেয়েছেন, যেখানে দেখা যায়, ২০০৪ সালে সিআইএ মুসা কুসার দপ্তরে একটি ফ্যাক্সবার্তা পাঠায়। এতে জানানো হয়, সিআইএ আবদেল হাকিম বেলহাজকে গ্রেপ্তারের খুব কাছাকাছি অবস্থায় আছে।’ তিনি জানান, সিআইএ বেলহাজকে আটক করে গোপন বিমানে করে লিবিয়ায় পাঠায়। সেখানে লিবিয়ার গোয়েন্দা সংস্থা বেলহাজকে জিজ্ঞাসাবাদ করে এবং কঠিন নির্যাতন চালায়।আবদেল হাকিম বেলহাজ জানান, লিবীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে সিআইএর এজেন্টরাও তাঁর ওপর কঠোর নির্যাতন চালায়। লিবিয়া তাঁকে ত্রিপোলির কুখ্যাত আবু সালিম কারাগারে রেখে নির্যাতন করে।গাদ্দাফি গণবিধ্বংসী অস্ত্র তৈরির কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার পর ২০০৪ সাল থেকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাঁকে সহযোগিতা শুরু করে। বিশ্লেষকদের মতে, সিআইএ ও এমআই৬-এর সঙ্গে গাদ্দাফির সম্পর্কটা যেমন ভাবা হয়েছিল, এখন পাওয়া নথিতে দেখা যায় ওই সম্পর্ক তারচেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ।হিউম্যান রাইটস ওয়াচের পিটার বোকায়ের্ট তাঁর কম্পিউটারে থাকা এমআই৬ ও সিআইএর সঙ্গে মুসা কুসার বেশ কিছু চিঠি বার্তা সংস্থা রয়টার্সকে দেখান। পিটার বোকায়ের্ট বলেন, ‘ সিআইএ জানত যাদের লিবিয়ার কাছে হস্তান্তর করা হচ্ছে, তারা নির্যাতনের শিকার হবে।’সিআইএর মুখপাত্র জেনিফার ইয়ংবোল্ড সুনির্দিষ্ট কোনো অভিযোগের উত্তর না দিয়ে বলেন, ‘আমাদের দেশকে সন্ত্রাস ও অন্যান্য হুমকি থেকে রক্ষায় অন্য দেশের সঙ্গে সিআইএর কাজ করার বিষয়টি বিস্মিত হওয়ার মতো ঘটনা নয়। আমরা এটাই আশা করি।’ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ‘গোয়েন্দা বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করবেন না।’সাংবাদিকেরা ত্রিপোলিতে পরিত্যক্ত ব্রিটিশ দূতাবাস থেকে পাওয়া নথির বরাত দিয়ে জানান, মেগরাহির মুক্তির জন্য যেকোনো কিছুই করতে প্রস্তুত ছিলেন গাদ্দাফি। দ্য মেইল-এর পাওয়া একটি নথিতে বলা হয়, ‘লিবিয়ার কর্মকর্তা ও মন্ত্রীরা হুমকি দিয়ে বলেছেন, স্কটল্যান্ডের হেফাজতে মেগরাহির মৃত্যু হলে লিবিয়া-যুক্তরাজ্যের সম্পর্কের চরম অবনতি হবে। এর প্রভাব পড়বে লিবিয়ায় যুক্তরাজ্যের ব্যবসা খাতেও।’ এদিকে গাদ্দাফির অনুগত বাহিনী কয়েকটি এলাকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এনটিসির মুখপাত্র মাহমুদ আবদেল আজিজ বলেন, ‘আমরা বানি ওয়ালিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। লিবিয়ার দক্ষিণাঞ্চলের এই শহরে গাদ্দাফির ছেলে সাদি অবস্থান করছেন বলে ধারণা বিদ্রোহীদের।’তারহুনা শহরের সামরিক কাউন্সিলের উপপ্রধান জানান, গাদ্দাফির সেনাদের রোববারের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। না হলে অভিযান শুরু হবে। রয়টার্স ও টেলিগ্রাফ।