মার্কিন কংগ্রেসের প্রবীণ সদস্য রবার্ট বায়ার্ড আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসের প্রবীণ সদস্য ডেমোক্র্যাটদলীয় সিনেটর রবার্ট বায়ার্ড আর নেই। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। রবার্ট বায়ার্ড মার্কিন কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী সদস্য ছিলেন। পশ্চিম ভার্জিনিয়ার এই ডেমোক্র্যাট সিনেটরের মুখপাত্র জেসে জ্যাকবস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বায়ার্ডের মৃত্যুর ফলে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতায় তেমন কোনো পরিবর্তন আসবে না। ছয় বছর মেয়াদি বর্তমান মার্কিন সিনেটের মেয়াদ ২০১২ সালে শেষ হবে। বায়ার্ডের মুখপাত্র জেসে জ্যাকবস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি খুবই দুঃখিত যে মার্কিন সিনেটর রবার্ট বায়ার্ডের পরিবার অশ্রুসিক্ত কণ্ঠে জানাচ্ছে, মার্কিন ইতিহাসে কংগ্রেসে সবচেয়ে বেশি সময় ধরে সেবা দেওয়া বায়ার্ড আর নেই।’পশ্চিম ভার্জিনিয়ার এই ডেমোক্র্যাট সিনেটর গত সপ্তাহের শেষে প্রচণ্ড জ্বর ও গুরুতর পানিশূন্যতা সমস্যা নিয়ে ওয়াশিংটন ডিসির বাইরে ইনোভা ফেয়ার ফক্স হাসপাতালে ভর্তি হন। গত রোববার বায়ার্ডের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, প্রথমে মনে করা হয় বায়ার্ডকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। কিন্তু আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর।রবার্ট বায়ার্ড প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মেরও নয় বছর আগে ১৯৫২ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হন। সেখানে ছয় বছর দায়িত্ব পালনের পর ১৯৫৯ সালের ৩ জানুয়ারি সিনেটর নির্বাচিত হন। এরপর তিনি মৃত্যুর আগ পর্যন্ত সিনেটর ছিলেন। একমাত্র বায়ার্ডই নয়টি পূর্ণ মেয়াদের সিনেট অধিবেশনে কাজ করেছেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত সিনেটের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন বায়ার্ড। বায়ার্ড মার্কিন ইতিহাসের অনেক নকশা প্রণয়নে সহায়তা করেছেন। কাজ করেছেন ডজনখানেক ডেমোক্র্যাট ও রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে।২০০৬ সালে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্ট বায়ার্ড বলেছিলেন, আমি সেবা দিতে ভালোবাসি। আমি সিনেট ভালোবাসি। আমি যদি আরও ১০০ বছর বাঁচতে পারি, সে সময়টা আমি সিনেটে থাকতে চাই। তিনি আরও বলেন, আমি কোনো প্রেসিডেন্টের লোক নই। আমি একজন সিনেট সদস্য। মার্কিন জনগণের সেবা করাই আমার একমাত্র নীতি ও লক্ষ্য রয়টার্স ও এএফপি।