মার্কিন কংগ্রেসের শীর্ষ ধনীর সম্পদ ৩৫ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে ২০১২ সালের শীর্ষ ধনী ছিলেন ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য ড্যারেল ইসা। তাঁর সম্পদের পরিমাণ ছিল অন্তত ৩৫ কোটি ৫০ লাখ ডলার। গত মঙ্গলবার প্রকাশিত তালিকায় এ তথ্য পাওয়া যায়।
ওয়াশিংটনের রাজনীতিবিষয়ক পত্রিকা দ্য হিল সবচেয়ে সম্পদশালী ৫০ আইনপ্রণেতার তালিকা প্রকাশ করেছে। বারাক ওবামার কট্টর সমালোচক ইসা কংগ্রেসের পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান। এ কমিটির অন্যতম কাজ হচ্ছে নির্বাহী বিভাগের ওপর নজরদারি করা।
কংগ্রেস সদস্যদের জমা দেওয়া আর্থিক সম্পদের বিবরণীর ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়।
৫০ জনের এ তালিকার মধ্যে ২৯ জনই রিপাবলিকান দলের সদস্য। আরেকটি বিষয় যা দেখা গেছে তা হলো উচ্চকক্ষ সিনেটের চেয়ে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ধনাঢ্য সদস্যের সংখ্যা বেশি। তালিকার সবচেয়ে বিত্তবান ৩৭ জনই প্রতিনিধি পরিষদের সদস্য।
প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিট রমনির ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়া উইসকনসিনের রিপাবলিকান কংগ্রেস সদস্য পল রায়ানের সম্পদের পরিমাণ ২৩ লাখ ডলার।
এর আগে মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামার সম্পদের পরিমাণ ১৮ থেকে ৬৮ লাখ ডলার বলে উল্লেখ করা হয়। এএফপি।