মার্কিন কারাগারে সেই কাস্ত্রোর ঝুলন্ত লাশ

যুক্তরাষ্ট্রে তিন তরুণীকে অপহরণ করে এক দশক ধরে আটকে রেখে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অ্যারিয়েল কাস্ত্রোর (৫৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে একটি কারাপ্রকোষ্ঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের সড়ক থেকে ২০০২-২০০৪ সালের মধ্যে ওই তিন তরুণীকে অপহরণ করেন স্কুলবাসের চালক কাস্ত্রো। তাঁকে গত ১ আগস্ট যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আত্মপক্ষ সমর্থনে তিনি দাবি করেন, তিনি যৌনতায় আসক্ত একজন অসুস্থ মানুষ হলেও হিংস্র নন।
অপহরণ, ধর্ষণ ও গর্ভধারিণীকে নির্যাতনের মাধ্যমে একটি ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে কাস্ত্রোর বিরুদ্ধে। ওহাইওর পুনর্বাসন ও সংশোধন বিভাগের মুখপাত্র জো এলেন স্মিথ বলেন, কাস্ত্রোকে একটি সুরক্ষিত কারাপ্রকোষ্ঠে রাখা হয়েছিল। তবে কয়েদিকে আত্মহত্যা থেকে বিরত রাখার ব্যবস্থা সেখানে ছিল না। এএফপি ও বিবিসি।