মার্কিন কয়েকটি শর্ত মেনে নিয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রশ্নে মার্কিন সাত দফা শর্তের বেশ কয়েকটি মেনে নিয়েছিল ইসলামাবাদ। তবে পাকিস্তানে ড্রোন হামলার (মানুষবিহীন বিমান) বিষয়টি কখনোই অনুমোদন দেওয়া হয়নি। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
পাকিস্তান থেকে প্রকাশিত ইংরেজি সাময়িকী সাউথ এশিয়াকে মোশাররফ বলেন, টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পরেই তাঁকে ফোন করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। সন্ত্রাসী হামলার বিষয়টি জানিয়ে তাঁর কাছে পাওয়েল জানতে চান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে প্রস্তুত দেশগুলোর পক্ষে পাকিস্তান থাকবে কি না। মোশাররফ বলেন, ‘পাওয়েলের ফোনের দুই দিন পর ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে সাত দফা শর্তের তালিকা দেন। তার তিন দিন পর শর্তগুলোর বিষয়ে আমরা ওয়াশিংটনকে আমাদের অবস্থানের কথা জানাই। কিছু শর্ত মেনে নিয়েছিলাম, কিছু প্রত্যাখ্যান করি।’
কলিন পাওয়েলের ফোন পেয়েই মোশাররফ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করেন বলে যে অভিযোগ রয়েছে, তা উড়িয়ে দেন সাবেক এই সেনাশাসক। পাকিস্তানে ড্রোন হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেন মোশাররফ।
পারভেজ মোশাররফ দাবি করেন, যুক্তরাষ্ট্র তাঁর শাসনামলে পাকিস্তানে খুব বেশি হলে সাত থেকে আটটি ড্রোন হামলা চালিয়েছে। তখন তিনি এর প্রতিবাদ করেছেন। বিবিসি।