যুক্তরাজ্যের ম্যানচেস্টার হামলার তদন্তের তথ্য দেশটির পুলিশ প্রকাশ করার আগে মার্কিন গণমাধ্যমে তা ফাঁস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন সরকার। যুক্তরাষ্ট্রের তরফ থেকেই এ তথ্য গণমাধ্যমে ফাঁস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুলিশ বিভাগ ঘোষণা দিয়েছে, তদন্তের নতুন কোনো তথ্য তারা যুক্তরাষ্ট্রকে জানাবে না।
গত সোমবার রাতে ম্যানচেস্টারের একটি কনসার্ট হলে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত ও ৫৯ জন আহত হন। এ হামলা সম্পর্কে যুক্তরাজ্য কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রের সিবিসি ও সিবিএস নিউজ ঘটনার তদন্ত-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য প্রকাশ করতে শুরু করে। তারা হামলার প্রকৃতি, হতাহতের সংখ্যা, এমনকি হামলাকারীর পরিচয় আগাম প্রকাশ করে দেয়। সর্বশেষ গত বুধবার নিউইয়র্ক টাইমস ঘটনাস্থলের রক্তাক্ত মেঝেতে পড়ে থাকা বোমার ধাতব অংশ, বোমা বহনে ব্যবহৃত ব্যাগের অংশবিশেষের ছবি প্রকাশ করলে টনক নড়ে ব্রিটিশ কর্তৃপক্ষের। তারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
বুধবার ন্যাটোর সম্মেলনে যাওয়ার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতে তিনি জানাবেন, গোয়েন্দা তথ্য অবশ্যই নিরাপদ থাকতে হবে।
আপাতত যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ রেখেছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেছেন, তথ্য ফাঁসের ঘটনায় তাঁরা খুবই বিরক্ত। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, এমন ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে। সরকারের প্রতিটি পর্যায় থেকে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পর্যায়গুলোতে উদ্বেগের কথা জানানো হয়েছে।
কয়েক দিন আগে রাশিয়ার কাছে গোয়েন্দা তথ্য ফাঁস করে বিতর্কের জন্ম দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাজ্য মনে করছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর নয়; বরং মার্কিন গোয়েন্দা বিভাগ থেকে এসব তথ্য ফাঁস হয়েছে।
‘ফাইভ আইস’ গোয়েন্দা চুক্তি অনুযায়ী, ইংরেজিভাষী শ্বেতাঙ্গ-অধ্যুষিত পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড একে অপরের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে।