মার্কিন গোয়েন্দাদের আড়িপাতা বৈধ: আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের এক আদালত গতকাল শুক্রবার রায় দিয়েছেন, দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা জনগণের ওপরে যে গুপ্তচরবৃত্তি চালিয়েছে, সেটি বৈধ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের এক আদালত গতকাল শুক্রবার রায় দিয়েছেন, দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা জনগণের ওপরে যে গুপ্তচরবৃত্তি চালিয়েছে, সেটি বৈধ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) যে কর্মসূচির মধ্য দিয়ে লাখো আমেরিকানের ফোনালাপ রেকর্ড করেছে, সেটিকে দেশটির এক কেন্দ্রীয় আদালতের বিচারক বৈধতা দিয়েছেন।
রয়টার্স বলছে, গতকাল শুক্রবার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক উইলিয়াম পাউলে এনএসএর আড়িপাতাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ‘পাল্টা আঘাত’ অভিহিত করে বলেছেন, এতে আমেরিকানদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন হয়নি।
যুক্তরাষ্ট্রের আরেকটি আদালতে এ মাসের মাঝামাঝি এনএসএর ফোনে আড়িপাতাকে অবৈধ ঘোষণা করেছিল। এই সম্পূর্ণ বিপরীত দুই রায়ের কারণে এনএসএর কর্মকাণ্ডটি সাংবিধানিকভাবে সিদ্ধ কি না, সে প্রশ্ন উঠেছে। তাই সংশয়ের অবসানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আবশ্যক হয়ে উঠেছে।
কেন্দ্রীয় আদালতের বিচারক তাঁর ৫৪ পৃষ্ঠার রায়ে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহত তিন হাজার নিরীহ আমেরিকানের কথা উল্লেখ করে বলেন, ‘এ ধরনের ভয়ংকর ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধের জন্য জাতীয় নিরাপত্তা সংস্থার সন্ত্রাসবাদ-বিরোধী কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে।’
বিচারক পাউলে রায়ে লিখেছেন, ‘আল-কায়েদা প্রযুক্তির ব্যবহার করে বিস্তৃত আকারে এবং বিশ্বের বিভিন্ন দুর্গম স্থান থেকে হামলা চালাতে পেরেছে। গণহারে ফোনালাপ রেকর্ড করার কার্যক্রমটি হলো সরকারের পাল্টা আঘাত।’
বিচারক পাউলের রায়ের ১১ দিন আগে ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রিচার্ড লিওন এনএসএর কার্যক্রমকে ‘বাছবিচারহীন ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে অসাংবিধানিক ঘোষণা করেন। রায়ে বিচারক রিচার্ড লিওন সরকারকে ফোনে আড়িপাতা বন্ধের নির্দেশ দেন।
গতকালের রায়ের পর আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) আইনবিষয়ক সহকারী পরিচালক জামিল জাফর বলেন, ‘বিচারক পাউলের সিদ্ধান্তে আমরা অত্যন্ত হতাশ।’ তিনি আরও বলেন, নিউইয়র্কের দ্বিতীয় ইউএস সার্কিটে এসিএলইউ রায়ের বিরুদ্ধে আপিল করবে।
ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের মুখপাত্র পিটার কার রয়টার্সকে জানান, তাঁরা কোর্টের রায়ে অত্যন্ত আনন্দিত। নিরাপত্তা বিশেষজ্ঞ ও আমেরিকান ইউনিভার্সিটির আইনের অধ্যাপক স্টিফেন ভ্লাদেক বলেন, ওয়াশিংটন কিংবা নিউইয়র্ক কোর্টে আপিল করা হলে বিচারক লিওনের বিশ্লেষণ বেশি গ্রহণযোগ্য হবে।