মার্কিন গোয়েন্দারা রোজ ২০ কোটি খুদেবার্তা সংগ্রহ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) প্রতিদিন পুরো বিশ্ব থেকে প্রায় ২০ কোটি খুদেবার্তা (টেক্সট মেসেজ) সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে।

মুঠোফোনে চালাচালি হওয়া এসএমএস সংগ্রহ করে তারা সেখান থেকে তথ্য সংরক্ষণ করে থাকে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা ও চ্যানেল ফোর নিউজের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের গোয়েন্দাদের এসব তথ্যের কিছুটা পাওয়ার সুযোগ রয়েছে।

এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র যখন এ বিষয়ে একটি বড় ধরনের নীতি ঘোষণা করতে যাচ্ছে, এমন সময় প্রতিবেদনটি প্রকাশিত হলো।

তবে এনএসএ বিবিসিকে জানায়, তারা আইনি প্রক্রিয়া মেনেই বৈধভাবে এসএমএসের তথ্য সংগ্রহ করে থাকে এবং এনএসআই অবাধে ও নির্বিচারে তথ্য সংগ্রহ করে থাকে বলে যে কথা রটানো হয়েছে, তা মিথ্যা।

প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় শুক্রবার ইলেকট্রনিক নজরদারি কর্মসূচিতে কিছু পরিবর্তন ঘোষণা করবেন। এনএসএর পরিচালিত কর্মকাণ্ড পর্যালোচনা করেছে হোয়াইট হাউসের একটি প্যানেল। এরই ভিত্তিতে ওবামা এ ঘোষণা দিতে যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ওবামা এই পর্যালোচনার বিষয়টি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বিস্তারিত জানিয়েছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, এনএসএর ফাঁস হয়ে যাওয়া তথ্যে দেখা গেছে, সংস্থাটির প্রতিপক্ষ যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টারও যুক্তরাজ্যের মানুষ সম্পর্কে জানতে এনএসএর তথ্যভান্ডারে ঢুঁ মারে।

যুক্তরাজ্যের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার এক বিবৃতিতে বিবিসিকে জানায়, তারা তাদের কর্মকাণ্ড কঠোর আইন এবং নীতিমালার কাঠামোর মধ্যে থেকে পরিচালনা করে।