মার্কিন ঘাঁটিতে হামলায় ‘প্রস্তুত’ উ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া বলেছে, তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যস্থলে হামলার প্রস্তুতি নিয়েছে। এর অংশ হিসেবে দেশটি গতকাল শুক্রবার মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাক করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বি-২ স্টিলথ যুদ্ধবিমান ওড়ানোর পর পিয়ংইয়ং এই উদ্যোগ নিল। উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই গতকাল বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই আহ্বান জানান। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বিমান মহড়ার ওই দিন রাতেই পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতা কিম জং-উন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উন বলেন, পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে ‘বোঝাপড়ার’ সময় এসেছে।কেসিএনএর খবরে বলা হয়, জং-উন ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন, যেন যেকোনো সময় মার্কিন ভূখণ্ড, প্রশান্ত মহাসাগরের হাওয়াই, গুয়াম দ্বীপ ও দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো সম্ভব হয়।বার্তা সংস্থা এপি জানিয়েছে, উনের নির্দেশের পর পিয়ংইয়ংয়ে হাজার হাজার সেনা এক কুচকাওয়াজে অংশ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ বার্তা সংস্থা বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে তৎপরতা বাড়ানো হয়েছে। তবে এর বস্তুনিষ্ঠতা যাচাই করা যায়নি। উত্তর কোরিয়ার অব্যাহত হুমকির মুখে বৃহস্পতিবার রাডার ফাঁকি দিতে সক্ষম বি-২ বিমানের ওই মহড়া দেয় যুক্তরাষ্ট্র। কোরীয় উপদ্বীপে এটিই প্রথমবারের মতো ওয়াশিংটনের এ ধরনের বিমানের মহড়া। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, তাদের এ মহড়া ছিল প্রতিরক্ষামূলক। উত্তর কোরিয়ার তৎপরতার মুখে যুক্তরাষ্ট্র বলেছে, ওই উপদ্বীপে যেকোনো ধরনের ঘটনা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেন, ‘উত্তর কোরিয়ার বোঝা উচিত, তারা যা করছে তা বিপজ্জনক। আমরা এসব উসকানি গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং এর যথার্থ জবাব দেব।’ বিবিসি ও রয়টার্স।