মার্কিন চরবৃত্তির খবর ছেপে পুলিত্জার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুলিত্জার পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও ‘দ্য গার্ডিয়ান ইউএস’। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক গোয়েন্দা তত্পরতার সংবাদ পরিবেশন করে পত্রিকা দুটি এ পুরস্কার পেয়েছে।

গতকাল সোমবার নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ‘দ্য নিউইয়র্ক টাইমস’ ও ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ দুটি করে পদক পেয়েছে।

সিআইএর সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন গত বছর মার্কিন গোয়েন্দা নজরদারির অজানা সব তথ্য ফাঁস করেন। তাঁর ফাঁস করা তথ্যসূত্র ধরে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’, ‘দ্য গার্ডিয়ান ইউএস’ ও অন্যান্য পত্রিকা সংবাদ পরিবেশন শুরু করে।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও ‘দ্য গার্ডিয়ান ইউএস’ পত্রিকা দুটি টানা সংবাদ পরিবেশন করতে থাকলে সর্বত্র তোলপাড় শুরু হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

গোপন-তথ্য প্রকাশ করার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগ ওঠে স্নোডেনের বিরুদ্ধে। স্নোডেন পালিয়ে রাশিয়ার বিমানবন্দরে আশ্রয় নেন। অনেক নাটকীয়তার পর তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো।

মার্কিন গোয়েন্দা নজরদারির ফাঁস হওয়া তথ্য জনস্বার্থে পরিবেশনের জন্য ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও ‘দ্য গার্ডিয়ান ইউএস’ পত্রিকা দুটিকে পুলিত্জার পদক দেওয়া হয়েছে।

বোস্টন ম্যারাথনে বোমা হামলার সংবাদ দ্রুত পরিবেশনের জন্য ‘দ্য বোস্টন গ্লোব’ পত্রিকাকে ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে এবারের পদক দেয়া হয়েছে।

‘দ্য নিউইয়র্ক টাইমস’ এবারের পুলিত্জার পদক পেয়েছে দুটি সংবাদচিত্রের জন্য। এর মধ্যে নাইরোবির শপিং মলে বোমা হামলার সংবাদচিত্র এবং বোস্টন বোমা হামলায় আহতদের সেরে ওঠা নিয়ে টানা সংবাদচিত্রের জন্য।

সরকারি খাদ্য ভাতার ওপর প্রতিবেদনের জন্য ‘দ্য ওয়াশিংটন পোস্টের তরুণ সাংবাদিক এলি সাসলো পুলিত্জার পেয়েছেন।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সংবাদের জন্য রয়টার্সের জেসন জেপ ও অ্যান্ড্রু মার্শাল এ পদক পেয়েছেন।