মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছেপাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র গত শুক্রবার আবারও পাকিস্তানে ড্রোন হামলা চালানোয় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামাবাদ। ওয়াজিরিস্তানে চালানো ওই হামলায় সাত ব্যক্তি নিহত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবনির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নির্দেশে তাঁর বিশেষ সহকারী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারিক ফাতেমি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড হোয়াগল্যান্ডকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়,  ইসলামাবাদ মনে করে পাকিস্তানের ভূখণ্ডে এ ধরনের হামলা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি। এতে ওয়াজিরিস্তানে সর্বশেষ এ ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে ড্রোন হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। বলা হয়, এ ধরনের হামলা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং শান্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গত ১১ মে অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনের প্রচারণায় নওয়াজ শরিফ পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে জোরালো ভাষায় কথা বলেন। এটা নির্বাচনে তাঁর প্রতি ভোটারদের সমর্থনের একটি বড় কারণ হিসেবে বিবেচনা করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নওয়াজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণেও পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ওয়াজিরিস্তানে ড্রোন হামলার পরই মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে আপাতদৃষ্টিতে সেই অবস্থানেই অটল থাকার ইঙ্গিত দিলেন নওয়াজ।

ওয়াজিরিস্তানের কর্মকর্তারা জানান, আফগান সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে আদিবাসী অধ্যুষিত শোখেল  গ্রামে পর পর দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সাত ব্যক্তি নিহত হয়। সুনির্দিষ্ট কাউকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কি না তা জানা যায়নি। তবে ওই এলাকায় পাকিস্তানি তালেবানসহ কট্টরপন্থী কয়েকটি সংগঠনের শক্ত ঘাঁটি রয়েছে। জিয়ো, ডন, বিবিসি।