মার্কিন ড্রোন হামলার নিন্দা পাকিস্তানের
উত্তর ওয়াজিিরস্তানের জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দুটি ড্রোন হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান৷ গত ২৪ ঘণ্টায় এসব হামলা চালানো হয়৷ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম এ তথ্য জানিয়েছেন৷ খবর ডনের৷
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত বুধ ও গতকাল বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকার কাছে যুক্তরাষ্ট্র দুটি ড্রোন হামলা চালায়৷ সরকার এ হামলার নিন্দা জানিয়েছে৷ এসব হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও অাঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন৷ এসব হামলার কারণে পাকিস্তান সরকারের শান্তি ও স্থিতির উদ্যোগ ব্যাহত হচ্ছে৷
এই বিবৃতির কয়েক ঘণ্টা আগেই তাসনিম এক সংবাদ সম্মেলেন বলেন, পাকিস্তান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট৷
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানে অনেক বেসামরিক নিরপরাধ মানুষ নিহত হন৷ তবে ড্রোন হামলায় নিরপরাধ মানুষ নিহতের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র৷