যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়া উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ আবারও মার্কিন তথ্যনীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বে অবাধ তথ্যনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, তা যুক্তরাষ্ট্রের বাধার কারণে ভণ্ডুল হতে বসেছে।গতকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জার্মানির হ্যানোভার শহরে থাকা সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে অ্যাসাঞ্জ এসব কথা বলেন।জার্মানির ইন্টারনেট ‘সম্প্রদায়’ হ্যানোভারে কনভেনশন ক্যাম্প নামে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করে। এতে প্রায় দেড় হাজার অ্যাসাঞ্জ-সমর্থক অংশ নেন। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার ও রূপান্তর শুধু কি ক্ষমতাধর রাষ্ট্রের হাতে থাকবে, নাকি তা জনগণের কল্যাণে ব্যবহূত হবে, তা নিয়ে বক্তব্য দেন অ্যাসাঞ্জ।সমর্থকদের উদ্দেশে উইকিলিকসের প্রতিষ্ঠাতা বলেন, মুক্তমনা কিছু মানুষ নিয়ে নতুন ডিজিটাল সমাজ ও ভবিষ্যৎ এবং বিনা মূল্যে অবাধ তথ্যনীতি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন, তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের বাধার কারণে ভণ্ডুল হতে বসেছে।অ্যাসাঞ্জ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গুপ্তচরবৃত্তির যন্ত্রে পরিণত হয়েছে। তিনি এসব মার্কিন তৎপরতা রুখে দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।