মার্কিন দূত হলব্রুক গুরুতর অসুস্থ
আফগানিস্তান ও পাকিস্তানের জন্য নিয়োজিত বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্রুক গুরুতর অসুস্থ। গত শুক্রবার তাঁকে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। হলব্রুকের স্বজনেরা হাসপাতালে তাঁর শয্যাপাশে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর আশু রোগমুক্তি কামনা করেছেন।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি এক বিবৃতিতে বলেছেন, ‘চিকিৎসকেরা শনিবার সকালে হলব্রুকের হূৎপিণ্ডের বাঁ দিকের ছিঁড়ে যাওয়া রক্ত বহনকারী প্রধান ধমনিতে সফল অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সদস্যরা তাঁর পাশে রয়েছেন।’ তিনি জানান, হলব্রুক (৬৯) শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।ডেটন চুক্তির মধ্যস্থতা করেন রিচার্ড হলব্রুক। এই চুক্তির ফলেই ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের অবসান ঘটে।প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর বারাক ওবামা ২০০৯ সালের জানুয়ারিতে হলব্রুককে আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। সেই থেকে ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন ও নির্ধারণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তিনি ও তাঁর স্ত্রী মিশেল ওবামা অসুস্থ হলব্রুকের জন্য প্রার্থনা করছেন। হলব্রুককে ‘ক্লান্তিহীন প্রশাসক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আমরা তাঁর জন্য প্রার্থনা করে যাচ্ছি। কঠিন এই মুহূর্তে আমরা তাঁর পরিবারের পাশে আছি।’গত এপ্রিলেও হলব্রুক অসুস্থ হয়ে পড়েছিলেন। নিউইয়র্কের একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে তখন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এএফপি ও বিবিসি।