মার্কিন দূতাবাসকে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেছে ভারত
জানুয়ারির ১৬ তারিখের মধ্যে নয়াদিল্লির মার্কিন দূতাবাস পরিচালিত বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেছে ভারত সরকার। যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিচার নিয়ে চলমান ওয়াশিংটন-দিল্লির দ্বন্দ্বের জের ধরে ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
ভিসা জালিয়াতির দায়ে মার্কিন আদালতে ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে ১৩ তারিখ। এর ঠিক পাঁচ দিন আগেই ভারত মার্কিন দূতাবাসকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে বলল। দেবযানীকে নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই এখন পর্যন্ত নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, ভারত সরকার ১৬ জানুয়ারির মধ্যে আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পরিচালিত রেস্টুরেন্ট-বার, ভিডিও ক্লাব, বোলিং অ্যালে, সুইমিং পুল, খেলার মাঠ, বিউটি পারলার এবং জিমনেসিয়াম বন্ধ করতে বলেছে। আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েশন মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা পরিচালনা করে থাকেন।
ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েশনের নামে ভারতে বসবাসকারী সাধারণ মার্কিন নাগরিকেরাও দূতাবাসের কর্মকর্তাদের সমান সুযোগ ভোগ করে আসছেন বলে অভিযোগ আছে। তাঁদের প্রত্যেককে আয়কর বিবরণী জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে ভারত।
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, দূতাবাসের কর্মকর্তা না হয়েও সুবিধা ভোগ করা আইনত দণ্ডনীয়। এটি ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ ছাড়া মার্কিন দূতাবাসে ব্যবহূত মোটরযানগুলো বিশেষ নজরদারির মধ্যে আনা হয়েছে। যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো, দ্রুতগতিতে গাড়ি চালানো, ট্রাফিক সংকেত অমান্য করা ইত্যাদি অপরাধে এখন থেকে তাঁদেরও শাস্তি পেতে হবে। যে গাড়িগুলো রেজিস্ট্রেশনের জন্য অনুমতি চেয়েছে, সেগুলোও বিশেষ নজরদারিতে আনার সম্ভাবনা আছে বলে জানা গেছে।