মার্কিন নজরদারি অগ্রহণযোগ্য: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সোমবার বলেছেন, তাঁর দেশের নেতাদের ওপরে যুক্তরাষ্ট্রের নজরদারি অগ্রহণযোগ্য এবং ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে এ ধরনের কাজ বাঞ্ছনীয় নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলি নেতাদের ওপর নজরদারি করছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু এ কথা বলেন।
রয়টার্স জানায়, গত শুক্রবারে ফাঁস হওয়া নথিগুচ্ছ থেকে জানা যায় যে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) ও এটির ব্রিটিশ সহচর গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) ২০০৯ সালে ইসরায়েলের তত্কালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের জন্য নথিবদ্ধ একটি ইমেইলের ওপরে গুপ্তচরবৃত্তি চালায়। সংস্থা দুটি ইসরায়েলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের ইমেইলও নজরদারি করে। এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন ওইসব নথি ফাঁস করেছিলেন।
টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু কথিত গুপ্তচরবৃত্তি প্রসঙ্গে বলেন, ‘গত কয়েকদিন ধরে প্রকাশিত বিষয়গুলো খতিয়ে দেখতে বলেছি।’ ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ের সত্যতা জানতে চাইবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি নেতানিয়াহু।
নিজ দল ডানপন্থী লিকুদ পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিবিড় সম্পর্কের মধ্যে এ ধরনের (গুপ্তচরবৃত্তি) কাজ করা উচিত নয়। এগুলো অগ্রহণযোগ্য।’
ইসরায়েলের বর্তমান মন্ত্রিপরিষদের কিছু সদস্য ও কয়েকজন আইনপ্রণেতা গতকাল রোববার বলেন, ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি দেশটির জন্য একটা সুযোগ হতে পারে। এর মাধ্যমে ইসরায়েলি এজেন্ট জোনাথন পোলার্ডকে কারাগার থেকে মুক্তি দিতে ওয়াশিংটনকে চাপ দিতে পারবে ইসরায়েল।
পোলার্ড যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক ছিলেন। ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ১৯৮৭ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকে যুক্তরাষ্ট্রে কয়েক দফা প্রেসিডেন্ট বদল হয়। তবে পোলার্ডকে মুক্তি দিতে ইসরায়েলি কোনো আহ্বানই কেউ শুনেননি।