মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কনস্যুলেটে হামলা চালানো হবে—এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ না করতে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে লাহোরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে থাকা সরকারি কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশটি ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

মার্কিন দুই কর্মকর্তা জানান, মুসলিম বিশ্বে সম্প্রতি মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঈদের কারণে লাহোরে কনস্যুলেট বন্ধ থাকার সিদ্ধান্ত পূর্বপরিকল্পিত। দুই কর্মকর্তার মধ্যে একজন জানান, কনস্যুলেট কবে খোলা হবে, এ ব্যাপারে কিছু বলা হয়নি।

জঙ্গি হামলার আশঙ্কায় এ সপ্তাহের শুরুর দিকে মুসলিম বিশ্বে ও উত্তর আফ্রিকার প্রায় ২৫টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়। আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে হামলা চালানোর বিষয়ে কথিত কথোপকথন ধরা পড়ার প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র দেশে দেশে কূটনৈতিক মিশন বন্ধ ও ভ্রমণ বিষয়ে সতর্কতা জারি করে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর পররাষ্ট্র দপ্তরের থেকে এ নির্দেশ দেওয়া হয়।