মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে’ ইয়েমেন ত্যাগের নির্দেশ
দূতাবাসের জরুরি নয় এমন কর্মী এবং সাধারণ নাগরিকদের ‘অবিলম্বে’ ইয়েমেন ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) ঘাঁটি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নিরাপত্তা হুমকি এখন ‘অত্যন্ত উচ্চ মাত্রার’ বলে বর্ণনা করেছে পররাষ্ট্র দপ্তর।গতকাল মঙ্গলবার সকালে জারি করা নতুন এক ভ্রমণ সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব কথা বলেছে। যেসব মার্কিন নাগরিক এখন ইয়েমেনে যাওয়ার পরিকল্পনা করছে, তাদের যাত্রা পিছিয়ে দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, ‘পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্র সরকারের জরুরি নয়—এমন কর্মকর্তাদের ইয়েমেন থেকে চলে আসার নির্দেশনা দিচ্ছে। সন্ত্রাসী হামলার আশঙ্কা অব্যাহত থাকায় এই নির্দেশ দেওয়া হচ্ছে।’আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে হামলা চালানোর বিষয়ে কথিত কথোপকথন ধরা পড়ার প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র দেশে দেশে কূটনৈতিক মিশন বন্ধ ও ভ্রমণ সতর্কতা জারি করে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর পররাষ্ট্র দপ্তরের এ নির্দেশ এল। ব্রিটিশ দূতাবাসের সব কর্মী প্রত্যাহার: যুক্তরাজ্য গতকাল জানিয়েছে, তারা ইয়েমেনে ব্রিটিশ দূতাবাস থেকে সব কর্মী প্রত্যাহার করে নিয়েছে।ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে ইয়েমেনে আমাদের দূতাবাস থেকে সব কর্মী অস্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কর্মীরা ফিরে যেতে সক্ষম না হওয়া পর্যন্ত ওই দূতাবাস বন্ধ থাকবে।’ড্রোন হামলায় নিহত ৪: ইয়েমেনে গতকাল এক মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সন্দেহভাজন চার আল-কায়েদা সদস্য নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় মারদিব প্রদেশের একটি উপজাতীয় সূত্র এ খবর দিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইয়েমেন কর্তৃপক্ষ দেশটিতে বিদেশিসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে—এমন ২৫ জন সন্দেহভাজনের যে তালিকা গত সোমবার প্রকাশ করে, নিহত চারজনের মধ্যে একজনের নাম ওই তালিকায় রয়েছে। নিহত চারজনই ইয়েমেনের নাগরিক।ডেনমার্কে বিস্ফোরক সন্দেহে এলাকা খালি: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের মধ্যাঞ্চলে গতকাল একটি গাড়িতে সন্দেহজনক বস্তু পাওয়া যায়। এ ঘটনার পর ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়।কোপেনহেগেনের পুলিশের একজন মুখপাত্র বলেন, পার্ক করে রাখা একটি গাড়ির সঙ্গে কয়েকটি তার যুক্ত ছিল এবং এর ভেতরে সন্দেহজনক বস্তু ছিল। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদী কোনো সম্পৃক্ততা আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এএফপি, রয়টার্স ও সিবিএস নিউজ।