ঘূর্ণিঝড় স্যান্ডির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে। নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মুহূর্তে আঘাত হানা এই ঝড়ের কারণে মুখ থুবড়ে পড়েছে বারাক ওবামা ও মিট রমনির চূড়ান্ত প্রচারণা। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের এই দৌড়টাকে আগে থেকেই বিবেচনা করা হচ্ছিল খুব উত্তেজনাপূর্ণ ও অননুমেয় ব্যাপার হিসেবে।যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে নভেম্বর মাসের ৬ তারিখে। শেষ ছয়টি দিন ওবামা ও রমনির তৎপর থাকার কথা ছিল চূড়ান্ত পর্যায়ের প্রচারণা নিয়ে। কিন্তু ঘূর্ণিঝড় স্যান্ডির প্রলয়ংকরী প্রভাবে সেসব ভুলে এখন দুর্যোগ মোকাবিলা নিয়েই মাথা ঘামাতে হচ্ছে প্রেসিডেন্ট পদের দুই প্রার্থীকে। এই পরিস্থিতিতে দুজনই প্রতিশ্রুতি দিয়েছেন রাজনীতিকে দূরে সরিয়ে রেখে দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে কাজ করার। কিন্তু এ অবস্থায় ঘূর্ণিঝড় স্যান্ডি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলিজার বলেছেন, ‘এটা পুরোপুরিই একটা অননুমেয় পরিস্থিতি। এটা দুই প্রার্থীর জন্যই ঝুঁঁকি ও আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে। যে কারণে এই মুহূর্তে দুই দলের রাজনৈতিক পরামর্শকেরাই প্রচণ্ড ভয়ে রয়েছেন।’ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডবটা বর্তমান প্রেসিডেন্ট ওবামাকে দিয়েছে শেষ মুহূর্তে তাঁর সরকারের কার্যকারিতা প্রমাণ করার সুযোগ। আর সেই সুযোগের ফায়দা তুলে তিনি দেখাতে পারেন দুর্যোগ মোকাবিলায় তাঁর সরকারের তৎপরতা। যে বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বী মিট রমনি প্রায়ই তাঁকে অভিযুক্ত করে এসেছেন। এই মুহূর্তে ওবামা প্রশাসনের তৎপরতা হয়তো মার্কিন ভোটারদের মনে একটা তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ওবামা গত সোমবার ও গতকাল মঙ্গলবারের নির্বাচনী প্রচারণা স্থগিত করে ফ্লোরিডা থেকে ফিরে গেছেন হোয়াইট হাউসে, দুর্যোগ মোকাবিলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য।বিপরীত দিকে মিট রমনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার পরিকল্পনা করলেও সোমবার সেই পরিকল্পনা পুনর্বিবেচনা করার কথা ভাবতে বাধ্য হয়েছেন। উইসকনসিনে সোমবার রাতে একটি প্রচারণা শোভাযাত্রা অনুষ্ঠানের কথা ছিল ম্যাসাচুসেটসের সাবেক গভর্নরের নেতৃত্বে। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে। রমনি এখন মনোযোগ দিচ্ছেন ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে অর্থ সংগ্রহের দিকে। ইতিমধ্যেই প্রেসিডেন্ট ওবামার পাশাপাশি তিনিও যোগ দিয়েছেন রেডক্রসের অনুদান সংগ্রহ প্রকল্পে। রয়টার্স।