মার্কিন নির্বাচনে ‘লাদেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারাক ওবামার পরিবর্তে যদি মিট রমনি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেন, তাহলে কি আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া যেত? মিট রমনি লাদেনের অবস্থান জানতে পারলেও তিনি কি ওবামার মতো সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন? এত নিখুঁত কমান্ডো অভিযান পরিচালনা করা কি রমনির পক্ষে সম্ভব হতো?আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রায় এক বছর পর এ প্রশ্নগুলো এখন জরুরি হয়ে পড়েছে মার্কিন নাগরিকদের জন্য! আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লাদেন হত্যার অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে মার্কিন রাজনীতি। ডেমোক্র্যাট শিবির ওবামার নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে কোণঠাসা করতে এ বিষয়টি সামনে নিয়ে এসেছে।আগামী ২ মে লাদেন হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী। এর আগেই ওবামার নির্বাচনী প্রচারণার জন্য একটি ভিডিও বিজ্ঞাপন ছাড়া হয়েছে। ওই বিজ্ঞাপনে ওবামার সাহসী, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের বিষয়টি উঠে এসেছে। লাদেন হত্যার অভিযান পরিচালনায় ওবামা যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এটিই বিজ্ঞাপনটির মূল সুর। তবে ওই সময় হোয়াইট হাউসের দায়িত্বে যদি মিট রমনি থাকতেন, তাহলে ইতিহাস নিশ্চিতভাবেই অন্য রকম হতো। কেননা, লাদেনকে মার্কিন সেনারা শেষ পর্যন্ত পাকড়াও করতে পারবেন কি না, চার বছর আগেও এ নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন রমনি। এমন লোকের হাতে যুক্তরাষ্ট্রের ভাগ্য ছেড়ে দেওয়া যায় না—এটাই ওবামার ৯০ সেকেন্ডের ভিডিও বিজ্ঞাপনের মূল বক্তব্য।ভিডিও বিজ্ঞাপনটির শিরোনাম ‘একটাই সুযোগ’। এতে দেখা যায়, সাবেক ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট বিল ক্লিনটন কমান্ডো অভিযানে লাদেনকে হত্যার পর মার্কিন সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোনে তাঁর সাহসী সিদ্ধান্তের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। বিজ্ঞাপনটিতে বিল ক্লিনটন বলেন, ‘তাঁকে (ওবামা) সিদ্ধান্ত নিতে হয়েছে। এ ধরনের সাহসী কাজ করার জন্যই একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। আমরা এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাই, যখন অন্য সবাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্বে ভুগবে, তখন একমাত্র তিনিই সঠিক কাজটি করবেন।’ভিডিও বিজ্ঞাপনটিতে একপর্যায়ে কয়েকটি প্রশ্ন ভেসে ওঠে। এতে বলা হয়, ‘মিট রমনি কোন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতেন?’ এ বিজ্ঞাপনের পেছনের ইতিহাসটি চার বছর আগের। সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওসামাকে আদৌ খুঁজে পাওয়া যাবে কি না, এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন রমনি। ওই সময় রমনি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন লাভের দৌড়ে প্রচারণা চালাচ্ছিলেন। এএফপি।