মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান যুদ্ধে বিজয়ী হতে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আফগানিস্তানে মোতায়েন তাঁর সেনাদের বলেছেন, আন্তর্জাতিক বাহিনী ১০ বছর ধরে চলা আফগান যুদ্ধে বিজয়ী হতে চলেছে। গতকাল বুধবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশ সফরকালে তিনি এ কথা বলেন। পাকতিকা প্রদেশের সঙ্গে পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত অঞ্চলের দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে আফগানিস্তানের সারানা ঘাঁটি। এখানে অবস্থানকারী মার্কিন অগ্রবর্তী ১৭২ ব্রিগেড সদস্যদের সঙ্গে আলাপ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি এবং এই কঠিন লড়াইয়ে বিজয়ী হতে যাচ্ছি।’ প্যানেট্টা আরও বলেন, ‘এ ক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে এটা নিশ্চিত যে, এসব চ্যালেঞ্জও আমরা জয় করব।’প্যানেট্টা বলেন, ‘শেষ পর্যন্ত আফগানিস্তানকে এমন একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব, যে কিনা নিজের নিরাপত্তা ও শাসনের ভার নিতে পারবে। আমরা এখানে এমন পরিস্থিতি তৈরি করব, যাতে আল-কায়েদা ও তালেবান বাহিনী আর কখনো দেশটিতে ঘাঁটি গাড়তে না পারে। ওপাশে পাকিস্তানকেও তার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ লাদেন হত্যার পর তিক্ত হয়ে ওঠা ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক ন্যাটোর সাম্প্রতিক বিমান হামলার পর রীতিমতো বিষিয়ে উঠেছে। ন্যাটোর ভাষায় দুর্ঘটনাজনিত ওই হামলায় ২৫ পাকিস্তানি সেনা নিহত হয়। এ রকম সময়েই আফগানিস্তানের পাকিস্তান সীমান্তসংলগ্ন ওই মার্কিন সেনা ঘাঁটি সফর করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এএফপি।