ক্যাসিনোতে জালিয়াতি করার অপরাধে মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম গিয়ার্ডিনাকে বর্তমান পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি দেশটির পারমাণবিক অস্ত্র পরিচালনাকারী বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। গত বুধবার নৌবাহিনীর শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি এ তথ্য জানান।
আইওয়া অঙ্গরাজ্যের একটি ক্যাসিনোতে জুয়া খেলার সময় টিম গিয়ার্ডিনা নকল চিপ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। ক্যাসিনোতে ওই চিপ ভাঙিয়ে টাকা নিতে হয়। মার্কিন কৌশলগত কমান্ডের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা গিয়ার্ডিনার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত চলছে। তাঁকে দুই তারকার অ্যাডমিরাল হিসেবে পদাবনতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে তাঁর নতুন পদায়ন হবে।
নৌবাহিনীর মুখপাত্র জন কারবি বলেন, কৌশলগত কমান্ডের উপপ্রধানের দায়িত্ব থেকে গিয়ার্ডিনাকে বরখাস্ত করা হয়েছে। তাঁকে গত ৩ সেপ্টেম্বর থেকেই নিজ কর্মস্থলে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছিল। ওই দিনই অভিযোগ করা হয়েছিল, গিয়ার্ডিনা পূর্ব নেব্রাস্কায় অবস্থিত নিজের নৌঘাঁটির কাছাকাছি একটি ক্যাসিনোতে নকল চিপস ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছিলেন। প্রথমে সামরিক বাহিনী ঘটনার তদন্ত করে। পরে মার্কিন নৌ অপরাধ তদন্ত সংস্থার কাছে এ তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়। এএফপি।