মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মস্কো যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক সফরে আজ সোমবার মস্কো যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গতি ফেরানোর প্রত্যাশায় তিনি এই সফরে যাচ্ছেন।সিরিয়া পরিস্থিতি থেকে শুরু করে বোস্টন বোমা হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, ইরান-উত্তর কোরিয়া ইস্যু এবং রাশিয়ায় মার্কিন বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধের মতো বিষয়গুলোকে রুশ-মার্কিন সম্পর্কে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের সেন্টার অন ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপের পরিচালক ও রাশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ফাইয়োনা হিল বলেন, রাশিয়া সফরে জন কেরিকে এ ধরনের অনেক ইস্যুর সম্মুখীন হতে হবে। সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়ার অনেক নেতার সঙ্গেই কেরির জানাশোনা থাকলেও গত ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম রাশিয়া সফর।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে হিলারি ক্লিনটনের হূদ্যতার সম্পর্কের জেরে উভয় দেশের সম্পর্ক ইতিবাচক রূপ নেয়। গত বছর ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফেরার পর সম্পর্কে চিড় ধরে।বিশ্লেষকেরা সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের এই সম্পর্কে খুব সামান্যই উন্নতির সম্ভাবনা রয়েছে। যদিও মস্কোর তরফে কূটনৈতিক শিষ্টাচারবিধি ভাঙার বিরল দৃষ্টান্ত স্থাপন করে কাল মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কেরির বৈঠক অনুষ্ঠানের আশা করা হচ্ছে। বিশেষজ্ঞ ফাইয়োনা হিল বলেন, কেরির সফরের প্রধান লক্ষ্য হবে, দুই দেশের সম্পর্কের দূরত্ব কমানোর চেষ্টা করা এবং সেই সঙ্গে কোনো ক্ষেত্রে যদি সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ থাকে, সেই কিছু পথ খুঁজে বের করা। এএফপি।