মার্কিন পোশাক-বিক্রেতাদের হাত রক্তে রঞ্জিত: কংগ্রেসম্যান মিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন আইনপ্রণেতা জর্জ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের পোশাক-বিক্রেতাদের হাত রক্তে রঞ্জিত। সাভারে রানা প্লাজা ভবনধসের ঘটনার পর বাংলাদেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে সংবাদমাধ্যমের কাছে এ মন্তব্য করেন তিনি। মিলার ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান।

মিলার বলেন, ‘মার্কিন পোশাক-বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও গ্যাপ কিছুতেই এ দুর্ঘটনার দায় এড়াতে পারে না। ওয়ালমার্ট বা গ্যাপ তাদের উদাসীনতা বজায় রাখলে কেবল বাংলাদেশে কেন, কোনো দেশেই তাদের ব্যবসা করার অধিকার নেই।’

বাংলাদেশে পোশাক কারখানায় দুর্ঘটনা প্রসঙ্গে মিলার বলেন, মার্কিন কোম্পানিগুলো বহির্বিশ্বের কাজের পরিবেশকে শুধু অবহেলাই করেনি, নিম্নমানের কর্ম-পরিবেশকে উত্সাহিত করে মুনাফা বাড়িয়েছে। মুনাফার জন্য মার্কিন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে এ প্রয়াস অব্যাহত রেখেছে।

কর্মঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের উদাসীনতার সমালোচনা করে মিলার বলেন, পশ্চিমা কোম্পানিগুলোর স্বার্থে শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে রাখা হয়েছে। রক্তমাখা হাতে মুনাফা করার বিষয়ে এখন তাদের সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন মিলার।

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হন। অনেকে আহত হন। এখনো অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন সংশ্লিষ্ট স্বজনেরা।

এ ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পোশাক-বিক্রেতারা বাংলাদেশে কারখানায় ঝুঁকি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও গ্যাপ বলেছে, ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলোর সঙ্গে তারা যোগ দেবে না। মার্কিন প্রতিষ্ঠানগুলো পৃথকভাবে কারখানার নিরাপত্তা পরিকল্পনা পেশ করবে।

ওয়ালমার্ট ও গ্যাপের এই অবস্থানের সমালোচনা করে কংগ্রেসম্যান জর্জ মিলার বলেন, পৃথক ব্যবস্থা কতটা কার্যকর হবে, এ নিয়ে সন্দেহ রয়েছে।