মার্কিন প্রতিনিধি পরিষদে পাকিস্তানে সহায়তা কমানোর প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রতি সামরিক সহায়তা ৬৫ কোটি মার্কিন ডলার কমানোর পক্ষে ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। সর্বসম্মতিক্রমে পাস হওয়া এই প্রস্তাব অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান টেড পো প্রতিনিধি পরিষদে পাকিস্তানের প্রতি সামরিক সহায়তা কমানোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ১৩০ কোটি মার্কিন ডলার সহায়তা কমানোর দাবি জানান। তবে আলোচনার পর ৬৫ কোটি ডলার কমানোর প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। ২০১৩ সালে এই অর্থসহায়তা পাওয়ার কথা ছিল পাকিস্তানের। প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবটি মার্কিন সিনেটে অনুমোদিত হওয়ার পর তা কার্যকর হবে।কংগ্রেসম্যান ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য টেড পো বলেন, ‘বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম মিত্র পাকিস্তান। কিন্তু দেশটি অবাধ্য ও ভ্রান্তিমূলক আচরণ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক।’ তিনি বলেন, তথাকথিত এই মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলার সহায়তা নিয়ে যাচ্ছে। বিপরীতে জঙ্গি অর্থায়ন করছে। সেই জঙ্গিরাই আবার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। টেড পো বলেন, ‘আসলে আমরা শত্রুকে অর্থায়ন করছি।’প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করতে চায়নি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রাল বলেন, ‘এটি আইনি প্রক্রিয়া, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে এ ব্যাপারে কংগ্রেসের সঙ্গে পরামর্শ চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদবিরোধী সহায়তা পেতে আমরা পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে থাকব।’প্রায় দুই বছর ধরে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। গত বছরের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। ওই অভিযানের আগে বিষয়টি পাকিস্তানকে জানানো হয়নি বলে ইসলামাবাদ ক্ষুব্ধ হয়। এরপর গত নভেম্বরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ন্যাটোর ড্রোন হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হলে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কের অবনতি ঘটে। ক্ষুব্ধ ইসলামাবাদ পাকিস্তান থেকে আফগানিস্তানে বিদেশি সেনাদের জন্য রসদ সরবরাহের সব পথ বন্ধ করে দেয়। সম্প্রতি পাকিস্তান সরকার ন্যাটোর জন্য রসদ সরবরাহের পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ পাকিস্তানের প্রতি সহায়তা কমানোর প্রস্তাব পাস করল। হিন্দুস্তান টাইমস, জিয়ো নিউজ।